আন্তর্জাতিক

কলকাতার ঐতিহাসিক রেড রোডে এবার হবে না ঈদের নামাজ

শত বছরের ঐতিহ্য, ঈদের সকালে রেড রোডে নামাজের সারি- কলকাতার সেই চিরচেনা দৃশ্য এবার বদলে যাচ্ছে। বহু দশকের পুরোনো ঈদ জামাতের ঠিকানা এবার সরে যাচ্ছে রেড রোড থেকে মাত্র কয়েকশ মিটার দূরের ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে। আর এই সিদ্ধান্ত ঘিরেই উঠেছে নানা প্রশ্ন, তৈরি হয়েছে মিশ্র প্রতিক্রিয়া।

ভারতের পশ্চিমবঙ্গে বিজেপি সরকার ক্ষমতায় আসার পর থেকে বিভিন্ন সিদ্ধান্ত নিয়ে বিতর্কের মধ্যেই এবার আলোচনার কেন্দ্রবিন্দুতে কলকাতার ঐতিহাসিক রেড রোডে ঈদুল আজহার নামাজ আয়োজন না হওয়া। এবার ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হবে রেড রোডের পাশেই অবস্থিত আরেক ঐতিহাসিক স্থান ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে।

কলকাতার অন্যতম ব্যস্ত সড়ক রেড রোডের দুই পাশে রয়েছে ফুটবল ক্লাবের অফিস, পূর্ব ভারতের সেনা সদর দপ্তরসহ গুরুত্বপূর্ণ প্রশাসনিক ও বিচারিক প্রতিষ্ঠান। এই সড়ক দিয়ে যুক্ত থাকে বিধানসভা, কলকাতা হাইকোর্ট, রাজভবন এবং ধর্মতলার মতো গুরুত্বপূর্ণ এলাকা।

দীর্ঘদিন ধরে বছরের দুই ঈদে এই রেড রোডেই হাজারো মুসল্লি নামাজ আদায় করে আসছিলেন। কলকাতার খেলাফত কমিটির উদ্যোগে আয়োজিত এই ঈদ জামাতকে ভারতের অন্যতম বৃহৎ ধর্মীয় সমাবেশ হিসেবে বিবেচনা করা হয়। শুধু স্থানীয় মুসল্লি নয়, কলকাতা, শহরতলি, বিভিন্ন জেলা এমনকি বাংলাদেশ থেকে আসা পর্যটকরাও এই জামাতে অংশ নিতেন।

তবে এবার সেই রেড রোডে ঈদের নামাজ হচ্ছে না। প্রায় ৫০০ মিটার দূরে ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে চলছে নতুন ঈদ জামাতের প্রস্তুতি। সিদ্ধান্ত ঘিরে এলাকায় দেখা দিয়েছে ভিন্ন ভিন্ন প্রতিক্রিয়া—কেউ একে স্বাভাবিক প্রশাসনিক সিদ্ধান্ত বলছেন, আবার কেউ উদ্বেগ ও অসন্তোষ প্রকাশ করছেন।

প্রশাসনিক সূত্রের দাবি, নিরাপত্তাজনিত কারণ দেখিয়ে গত বছর থেকেই রেড রোডে ঈদ জামাত নিয়ে আপত্তি তোলা হয়। সেনা নিয়ন্ত্রিত এলাকা হওয়ায় পুরো বিষয়টি সেনা কর্তৃপক্ষের অনুমোদনের ওপর নির্ভরশীল। গত বছরই জানানো হয়েছিল, ভবিষ্যতে ঈদ জামাতের জন্য বিকল্প স্থান নির্ধারণ করা হবে। যদিও এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে ক্যামেরার সামনে কেউ কথা বলেননি, তবে টেলিফোনে সংশ্লিষ্টরা সিদ্ধান্ত মেনে নেয়ার ইঙ্গিত দিয়েছেন।

উল্লেখ্য, ১৯১৯ সাল থেকে রেড রোডে নিয়মিতভাবে ঈদের নামাজ অনুষ্ঠিত হয়ে আসছিল। শত বছরের এই ঐতিহ্য হঠাৎ স্থানান্তর হওয়ায় অনেকেই বিষয়টিকে ভিন্নভাবে দেখছেন।

এদিকে চলতি বছর কোরবানির পশু জবাই সংক্রান্ত সরকারি নির্দেশনা নিয়েও রাজ্যের মুসলিম সম্প্রদায়ের মধ্যে অসন্তোষ রয়েছে। এর মধ্যে রেড রোড থেকে ঈদ জামাত সরিয়ে নেয়ায় ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে এবার কত মানুষের সমাগম হবে—সেই প্রশ্নও উঠতে শুরু করেছে।

 

এসি//

এ সম্পর্কিত আরও পড়ুন