দেশজুড়ে

চট্টগ্রাম বন্দরে জাহাজে লাগা আগুন সাড়ে ৪ ঘণ্টায় নিয়ন্ত্রণে

ছবি: সংগৃহীত

চট্টগ্রাম সমুদ্র বন্দরের বহির্নোঙরে অবস্থানরত তেলবাহী বাণিজ্যিক জাহাজ এমটি মেঘনা ট্রেডার্সের ইঞ্জিন রুমে লাগা আগুন সাড়ে চার ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে এসেছে।

বৃহস্পতিবার (২৮ মে) বেলা সাড়ে ১১টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয় বলে জানিয়েছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ।

এর আগে ঈদের দিন সকাল সাড়ে ৭টার দিকে পারকি বিচ সংলগ্ন চট্টগ্রাম বন্দরের আউটার অ্যাংকরেজের চার্লি পয়েন্ট এলাকায় অবস্থানরত জাহাজটির ইঞ্জিন রুমে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

ঘটনার পরপরই ইঞ্জিন রুম থেকে জাহাজের সব ক্রুকে দ্রুত নিরাপদ স্থানে সরিয়ে নেয়া হয়। পাশাপাশি আগুন নিয়ন্ত্রণে কার্বন ডাই-অক্সাইড ব্যবহার করা হয়।

খবর পেয়ে চট্টগ্রাম বন্দরের টাগবোট কাণ্ডারি–৩ ও কাণ্ডারি–১১, বাংলাদেশ নৌবাহিনীর টাগ বিএনটি সেবক এবং বাংলাদেশ কোস্ট গার্ডের টাগবোট প্রমত্ত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।

এ ছাড়া কোস্ট গার্ডের জাহাজ শ্যামল বাংলা এবং একাধিক অগ্নিনির্বাপণ ও উদ্ধারকারী দলও অভিযানে অংশ নেয়। এ সময় জাহাজে থাকা ২২ জন ক্রুকে নিরাপদে উদ্ধার করা হয়। ঘটনায় কোনো হতাহত বা নিখোঁজের তথ্য পাওয়া যায়নি।

চট্টগ্রাম বন্দরের চিফ পারসোনেল অফিসার মো. নাসির উদ্দিন জানান, জাহাজটি ইন্দোনেশিয়া থেকে আরবিডি সয়াবিন তেল নিয়ে গত ২৬ মে চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে পৌঁছায়। বৃহস্পতিবার সকালে ইঞ্জিন রুমে আগুন লাগার পর সাড়ে ১১টার দিকে তা নিয়ন্ত্রণে আসে।

তিনি আরও জানান, বর্তমানে জাহাজটির সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ, কোস্ট গার্ড, নৌবাহিনী এবং জাহাজটির স্থানীয় এজেন্ট ইউএসএল যৌথভাবে কাজ করছে।

 

এসি//

এ সম্পর্কিত আরও পড়ুন