৬ নবজাতকের মৃত্যু: পোস্ট অপারেটিভ ওয়ার্ডে ভেন্টিলেশন ত্রুটি শনাক্ত
রাজধানীর মগবাজারে অবস্থিত আদ-দ্বীন হাসপাতালের পোস্ট অপারেটিভ ওয়ার্ডে ভেন্টিলেশন ব্যবস্থায় ত্রুটি পাওয়া গেছে বলে জানিয়েছে তদন্ত কমিটি।
শুক্রবার (২৯ মে) স্বাস্থ্য অধিদফতর এ তথ্য নিশ্চিত করে।
স্বাস্থ্য অধিদফতরের পক্ষ থেকে জানানো হয়েছে, তদন্তে ওয়ার্ডটির ভেন্টিলেশন সিস্টেমে ত্রুটি শনাক্ত করা হয়েছে। এ বিষয়ে পূর্ণাঙ্গ তদন্ত প্রতিবেদন আগামীকাল শনিবার (৩০ মে) পাওয়া যাবে বলে আশা করা হচ্ছে।
এর আগে গত বুধবার (২৭ মে) হাসপাতালটির পোস্ট ডেলিভারি অপারেটিভ ওয়ার্ডে একসঙ্গে ছয় নবজাতকের মৃত্যুর ঘটনা ঘটে। জানা যায়, ওই ওয়ার্ডে ১১ জন মা ও ছয়জন নবজাতক ভর্তি ছিলেন।
ঘটনার সময় মঙ্গলবার (২৬ মে) দিবাগত রাতে ঠান্ডা অনুভব করায় এক প্রসূতি নার্সকে এসি বন্ধ রাখতে অনুরোধ করেন। পরে প্রায় এক ঘণ্টা এসি বন্ধ রাখা হয়। এরপর গরম লাগায় আবারও এসি চালু করা হলে কিছুক্ষণের মধ্যেই দুই নবজাতকের শারীরিক অবস্থার অবনতি ঘটে। তাদের এনআইসিইউতে স্থানান্তরের পরামর্শ দেয়া হলেও পরবর্তীতে ধীরে ধীরে আরও শিশুদের অবস্থার অবনতি হয় এবং একে একে ছয় নবজাতকের মৃত্যু হয়।
পুলিশের প্রাথমিক ধারণা অনুযায়ী, ওয়ার্ডের এসি কিছু সময় বন্ধ থাকার কারণেই এই মর্মান্তিক ঘটনা ঘটে থাকতে পারে। তবে স্বজনরা হাসপাতালের চিকিৎসক ও নার্সদের দায়িত্বে অবহেলার অভিযোগ তুলেছেন।
এ ঘটনার কারণ ও সার্বিক অব্যবস্থাপনা খতিয়ে দেখতে স্বাস্থ্য অধিদফতর তিন সদস্যের একটি উচ্চপর্যায়ের তদন্ত কমিটি গঠন করেছে। কমিটিকে ৭২ ঘণ্টার মধ্যে প্রতিবেদন জমা দিতে নির্দেশ দেয়া হয়েছে।
এসি//