আবহাওয়া

গরমের দাপট কমছে না ঢাকায়, মিলতে পারে সামান্য স্বস্তি

রাজধানী ঢাকার আকাশ আজ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকতে পারে। তবে আকাশে মেঘের উপস্থিতি থাকলেও গরমের প্রভাব স্থায়ী থাকার সম্ভাবনা রয়েছে। দিনের বেশিরভাগ সময় ভ্যাপসা ও অস্বস্তিকর আবহাওয়া অনুভূত হতে পারে।  

তবে স্বস্তির খবর হলো, আজ দিনের তাপমাত্রা আগের দিনের তুলনায় কিছুটা কমতে পারে। এর ফলে তীব্র গরম পুরোপুরি না কমলেও তাপমাত্রার সামান্য পতনে নগরবাসী কিছুটা স্বস্তি অনুভব করতে পারেন।

শনিবার (৩০ মে) সকালে প্রকাশিত আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে ঢাকা ও আশপাশের এলাকার জন্য এসব তথ্য জানানো হয়েছে।  

পূর্বাভাস অনুযায়ী, দুপুর পর্যন্ত ঢাকা ও আশপাশের আকাশ আংশিক মেঘলা থাকতে পারে। তবে আবহাওয়া শুষ্ক থাকবে। এ সময় দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ১০–১৫ কিলোমিটার বেগে বাতাস বইতে পারে। পাশাপাশি দিনের তাপমাত্রা কিছুটা কমার সম্ভাবনা রয়েছে।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, শনিবার সকাল ৬টায় ঢাকায় তাপমাত্রা ছিল ২৪ ডিগ্রি সেলসিয়াস এবং বাতাসের আর্দ্রতা ৮৯ শতাংশ। এদিন সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৩ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। এর আগে শুক্রবার রাজধানীর সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৫ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস।

গত ২৪ ঘণ্টায় ঢাকায় সামান্য বৃষ্টিপাত হয়েছে। আজ সূর্যাস্ত হবে সন্ধ্যা ৬টা ৪১ মিনিটে, আর আগামীকাল সূর্যোদয় হবে ভোর ৫টা ১১ মিনিটে।

শুক্রবার (২৯মে) রাতে আবহাওয়া অধিদপ্তর থেকে প্রকাশিত সারা দেশের সম্ভাব্য পূর্বাভাসে জানানো হয়েছে, শনিবার (৩০মে) সন্ধ্যার মধ্যে দেশের আট বিভাগের বিভিন্ন এলাকায় দমকা হাওয়া, বিদ্যুৎ চমকানোসহ হালকা থেকে মাঝারি বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে। কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি বর্ষণেরও সম্ভাবনা রয়েছে।  

তবে সারা দেশে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে, আর রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে।

পিডি 

এ সম্পর্কিত আরও পড়ুন