দেশজুড়ে

ঈদ আড্ডা শেষে বাড়ি ফেরা হলো না দুই বন্ধুর

নেত্রকোনার কলমাকান্দায় গাছের সাথে ধাক্কা লেগে ডোবায় পড়ে চালক সহ মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। এতে বিল্লাল মিয়া (১৮) নামে এক আরোহী গুরুতর আহত হয়। আশঙ্কাজনক হওয়ায় তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। নিহতরা হলেন- নিরব মিয়া (২৪) উপজেলার ঘোষপাড়া এলাকার নয়ন মিয়ার ছেলে ও সোহান মিয়া (২০) একই এলাকার সজীব মিয়ার ছেলে।

শুক্রবার (৩০ মে) মধ্যরাতে কলমাকান্দা-দুর্গাপুর সড়কের রহিমপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। কলমাকান্দা থানার কর্মকর্তা (ওসি) আবুল হাশেম বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ ও স্থানীয়রা জানান, ঈদের মধ্যে বন্ধুদের সাথে আড্ডা দিয়ে চা খাওয়ার পর রহিমপুর বাজার থেকে মোটরসাইকেলে চড়ে তিন বন্ধু বাড়ি ফিরছিলেন। এসময় এলাকার গজারমারি সেতুর কাছে পৌছলে নিয়ন্ত্রণ হারিয়ে একটি তাল গাছের সাথে ধাক্কা লেগে সড়কের পাশে ডোবায় ছিটকে পড়ে। তখন গুরুতর আহত অবস্থায় তিনজনকে স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।  সেখানে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক নিরব ও সোহানকে মৃত ঘোষণা করেন। আহত বিল্লালের অবস্থার আশঙ্কাজনক হওয়ায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।

কলমাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. শৌভিক শ্রাবণ দত্ত বলেন, হাসপাতালে আনার আগেই দুই যুবকের মৃত্যু হয়েছে। বিল্লাল নামের একজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

ওসি আবুল হাশেম জানান, কারো অভিযোগ না থাকায় এবং পরিবারের আবেদনের প্রেক্ষিতে বিনা তদন্ত লাশ হস্তান্তর করা হয়েছে।

আই/এ

এ সম্পর্কিত আরও পড়ুন