আদ-দ্বীন হাসপাতালে সাংবাদিকদের ওপর হামলা, আহত কয়েকজন
ঢাকার আদ-দ্বীন হাসপাতালে সংবাদ সংগ্রহ করতে গিয়ে হামলার মুখে পড়েছেন কয়েকজন সাংবাদিক। এ ঘটনায় একাধিক গণমাধ্যমকর্মী আহত হয়েছেন এবং একটি টেলিভিশন চ্যানেলের ক্যামেরা ভাঙচুরের অভিযোগ উঠেছে।
শনিবার (৩০ মে) সন্ধ্যায় হাসপাতাল প্রাঙ্গণে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও হাসপাতাল সূত্রে জানা যায়, সন্ধ্যার দিকে হাসপাতাল কর্তৃপক্ষের নির্দেশে প্রতিষ্ঠানের সব প্রবেশপথ বন্ধ করে দেয়া হয়। পরে এক নম্বর গেটের সামনে লাঠিসোঁটা হাতে অবস্থান নেন হাসপাতালের নিরাপত্তা ও পরিচ্ছন্নতাকর্মীরা।
এ সময় পেশাগত দায়িত্ব পালনের জন্য কয়েকজন সাংবাদিক হাসপাতালে প্রবেশের চেষ্টা করলে নিরাপত্তাকর্মীরা তাদের বাধা দেন। এ নিয়ে উভয় পক্ষের মধ্যে কথা-কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে নিরাপত্তাকর্মীরা সাংবাদিকদের দিকে তেড়ে যান এবং লাঠিসোঁটা নিয়ে ধাওয়া করেন।
এ ঘটনায় টাইমস অব বাংলাদেশের একজন স্টাফ রিপোর্টার এবং দীপ্ত টিভির একজন ক্যামেরাপারসন আহত হন। এছাড়া বৈশাখী টিভির একটি ক্যামেরা ভাঙচুরের ঘটনাও ঘটে বলে অভিযোগ পাওয়া গেছে।
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পরে মগবাজার থানা পুলিশ ও র্যাবের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছান। তবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপস্থিতির মধ্যেও হাসপাতালের নিরাপত্তাকর্মীদের মারমুখী আচরণ অব্যাহত ছিল বলে অভিযোগ করেন উপস্থিত সাংবাদিকরা।
পরে পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা করেন হাসপাতালের একজন সিনিয়র ম্যানেজার। তবে ঘটনার কারণ ও সাংবাদিকদের উত্থাপিত বিভিন্ন প্রশ্নের সন্তোষজনক জবাব তিনি দিতে পারেননি বলে জানান সেখানে উপস্থিত গণমাধ্যমকর্মীরা।
এসি//