দেশজুড়ে

ঈদকে ঘিরে চামড়া পাচার ঠেকাতে হিলি সীমান্তে বিজিবির বাড়তি নজরদারি

ছবি: সংগৃহীত

পবিত্র ঈদুল আজহার পর কোরবানির পশুর চামড়া অবৈধভাবে ভারতে পাচার রোধে দিনাজপুরের হিলি সীমান্তজুড়ে বিশেষ সতর্কতা জোরদার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

শনিবার (৩১ মে) সীমান্ত এলাকার গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে বিজিবির টহল ও নজরদারি আগের তুলনায় বাড়ানো হয়েছে। এছাড়াও সীমান্তের চেকপোস্ট, বর্ডার আউটপোস্ট (বিওপি) এবং ঝুঁকিপূর্ণ অরক্ষিত এলাকাগুলোতে নিরাপত্তা ব্যবস্থা আরও কঠোর করা হয়েছে।

বিজিবি জানিয়েছে, ঈদ-পরবর্তী সময়ে চামড়া পাচারের সম্ভাবনা মাথায় রেখে সীমান্তজুড়ে বিশেষ নজরদারি ব্যবস্থা নেয়া হয়েছে। যেকোনো অবৈধ পারাপার বা পাচারচেষ্টা ঠেকাতে সদস্যরা ২৪ ঘণ্টা দায়িত্ব পালন করছেন।

জয়পুরহাট ২০ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল লতিফু লবারী গণমাধ্যমকে জানান, কোরবানির পশুর চামড়ার ন্যায্য বাজারমূল্য নিশ্চিত করা এবং জাতীয় সম্পদ পাচার রোধ করাই এই কঠোর নজরদারির মূল উদ্দেশ্য।

তিনি আরও জানান, হিলি সীমান্তের সব চেকপোস্ট ও আশপাশের এলাকায় সার্বক্ষণিক টহল কার্যক্রম চালু রয়েছে। কোনো ধরনের পাচারের চেষ্টা হলে তাৎক্ষণিকভাবে ব্যবস্থা নিতে বিজিবি সদস্যরা প্রস্তুত আছেন।

 

পিডি 

এ সম্পর্কিত আরও পড়ুন