পিরোজপুরে দুইজনের মরদেহ উদ্ধার, এলাকায় চাঞ্চল্য
পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার আমড়াগাছিয়া ইউনিয়নে জোড়া খুনের ঘটনা ঘটেছে। রোববার (৩১ মে) দুটি ভিন্ন স্থান থেকে দুজনের মরদেহ উদ্ধার করেছে মঠবাড়িয়া থানা পুলিশ। এ ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
নিহতরা হলেন,আমড়াগাছিয়া ইউনিয়নের ৪নং ওয়ার্ডের বাসিন্দা মৃত নুর মোহাম্মদের ছেলে আব্দুর রশিদ (৪০) ও একই এলাকায় মো. কালু মিয়ার ছেলে সাগর (৩০)। এদিকে একই এলাকার মৃত আব্দুস সত্তার প্যাদার ছেলে ইউসুফ প্যাদা (৪২) এখনও নিখোঁজ রয়েছেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার আমড়াগাছিয়া ইউনিয়নের ৪নং ওয়ার্ডের বাসিন্দা মৃত নুর মোহাম্মদের ছেলে আব্দুর রশিদকে শনিবার (৩০ মে) রাত প্রায় ১১টার দিকে বাড়ি থেকে ডেকে নেয়া হয়। পরে ভোরে নেহালিয়া মাদরাসার পাশের মক্তবখানা এলাকায় তার মরদেহ পড়ে থাকতে দেখা যায়। খবর পেয়ে স্থানীয়রা ঘটনাস্থলে ছুটে যান এবং আইনশৃঙ্খলা বাহিনীকে জানান।
অন্যদিকে, একই এলাকায় মো. কালু মিয়ার ছেলে সাগরকেও হত্যার অভিযোগ পাওয়া গেছে। রোববার (৩১মে) সকালে বাড়ির পেছন থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। তিনি এক সন্তানের জনক ছিলেন। তার মৃত্যুর ঘটনায় পরিবার ও স্বজনদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।
এছাড়া একই এলাকার ইউসুফ প্যাদা শনিবার (৩০ মে) রাত থেকে নিখোঁজ রয়েছেন বলে পরিবার সূত্রে জানা গেছে।
পরিবারের দাবি, তিনি গত রাতে বাড়ি থেকে বের হওয়ার পর আর ফিরে আসেননি। সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান মেলেনি।
জোড়া হত্যাকাণ্ডের ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। হত্যার কারণ ও এর সঙ্গে কারা জড়িত, তা এখনও নিশ্চিতভাবে জানা যায়নি। তবে এলাকাবাসীর ধারণা, ম্যাগনেটিক পিলার সংগ্রহ করতে গিয়ে দ্বন্দ্বের জেরে এই জোড়া খুন হয়ে থাকতে পারে।
অতিরিক্ত পুলিশ সুপার পার্থ চক্রবর্তী জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং ঘটনার রহস্য উদ্ঘাটনে তদন্ত শুরু করেছে। তদন্তের পরে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।
পিডি