যমুনার পানি বাড়ায় তলিয়ে যেতে শুরু করেছে নিম্নাঞ্চলের চর
উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল এবং টানা বৃষ্টির প্রভাবে সিরাজগঞ্জে যমুনা নদীর পানি আবারও বৃদ্ধি পাচ্ছে। গত ২৪ ঘণ্টায় নদীর পানি উল্লেখযোগ্য হারে বাড়ায় জেলার নিম্নাঞ্চলের চরগুলো ধীরে ধীরে পানির নিচে তলিয়ে যেতে শুরু করেছে। তবে পানি এখনও বিপৎসীমার অনেক নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে।
সোমবার (১ জুন) সকাল পর্যন্ত (গত ২৪ ঘণ্টায়) যমুনা নদীর শহর রক্ষা বাঁধের হার্ড পয়েন্ট এলাকায় ৩২ সেন্টিমিটার এবং কাজীপুরের মেঘাইঘাট পয়েন্টে ৩৬ সেন্টিমিটার পানি বৃদ্ধি পেয়েছে। জেলা পানি উন্নয়ন বোর্ডের উপবিভাগীয় প্রকৌশলী জাকির হোসেন এ তথ্য জানিয়েছেন।
পাউবোর তথ্য অনুযায়ী, গত কয়েক সপ্তাহ ধরে যমুনা নদীতে কখনো পানি বাড়ছে, আবার কখনো কমছে। তবে মে মাসের মাঝামাঝি সময় থেকে নদীর পানিতে ঊর্ধ্বমুখী প্রবণতা বেশি লক্ষ্য করা যাচ্ছে। সাম্প্রতিক এই বৃদ্ধি নদীতীরবর্তী নিচু চরাঞ্চলে প্রভাব ফেলতে শুরু করেছে।
জাকির হোসেন বলেন, উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও ভারী বর্ষণের কারণে যমুনার পানি ওঠানামা করছে। তবে বর্তমানে হার্ড পয়েন্ট ও মেঘাইঘাট এলাকায় পানি বৃদ্ধির ধারা অব্যাহত রয়েছে।
তিনি জানান, জুন, জুলাই ও আগস্ট মূল বর্ষা মৌসুম হওয়ায় এ সময়ে যমুনা নদীর পানি বৃদ্ধি পাওয়া স্বাভাবিক। যদিও পানি দ্রুত বাড়ছে, তবুও তা এখনো বিপৎসীমার অনেক নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে।
বর্তমানে শহর রক্ষা বাঁধের হার্ড পয়েন্ট এলাকায় পানি বিপদসীমার ২৯৩ সেন্টিমিটার এবং মেঘাইঘাট পয়েন্টে ৩৪৯ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে।
এদিকে নদীর পানি বাড়তে থাকায় চরাঞ্চলের বাসিন্দাদের মধ্যে উদ্বেগ বাড়ছে। ইতোমধ্যে কয়েকটি নিম্নাঞ্চলের চর পানিতে তলিয়ে যেতে শুরু করেছে। তবে পরিস্থিতি এখনো নিয়ন্ত্রণে রয়েছে বলে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড।
আই/এ