আইন-বিচার

রামিসা হত্যা মামলা, ১৬ জনের সাক্ষ্য গ্রহণ শেষ

রাজধানীর পল্লবীতে শিশু রামিসাকে ধর্ষণের পরে হত্যার ঘটনায় দায়েরকৃত মামলায় ১৬ জনের সাক্ষ্য গ্রহণ শেষ হয়েছে। তাঁদের মধ্যে রয়েছেন শিশুটির বাবা, মা, বোন, ফুফু ও চাচা। এর মাধ্যমে প্রথম দিনেই এই মামলার সাক্ষ্য গ্রহণ শেষ হয়েছে। আগামীকাল আসামিপক্ষের সাফাই সাক্ষ্য গ্রহণের দিন ধার্য করেছেন আদালত।

মঙ্গলবার (২ জুন) ঢাকার শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক মাসরুর সালেকীন আসামিদের উপস্থিতিতে এই সাক্ষ্য গ্রহণ করেন।

আদালত সূত্রে জানা যায়, সকাল ১০টা ১২ মিনিটে মূল অভিযুক্ত সোহেল রানা ও ১০টা ২৪ মিনিটে স্বপ্না আক্তারকে আদালতের কাঠগড়ায় উঠানো হয়। কাঠগড়ায় উঠেই স্বপ্না কাঁদতে থাকেন। পরে তাঁকে বসিয়ে রাখা হয়। এ সময় পুলিশ সদস্যরা তাঁর হেলমেট, হাতকড়া খুলে দেয়। কাঠগড়ায় সোহেল তার স্ত্রীর সঙ্গে কথা বলতে চাইলে তাঁকে থামিয়ে দেন দায়িত্বরত পুলিশ। সোহেলের মাথায় হেলমেট, বুকে বুলেটপ্রুফ জ্যাকেট ও হাতকড়া পরানো ছিল।

শুনানিতে রাষ্ট্রপক্ষের আইনজীবী আজিজুর রহমান দুলু আসামি সোহেলের মিডিয়াতে কথা বলার বিষয়ে অভিযোগ তোলেন। এ সময় তিনি আদালতের কাছে আবেদন জানান আদালতের বাইরে পুলিশ হেফাজতে থাকা অবস্থায় আসামি যেন মিডিয়াতে কথা বলার সুযোগ না পায়। আদালত শুনানি শেষে এ আবেদন মঞ্জুর করেন এবং সংশ্লিষ্টদের প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন।

এরপর শুরু হয় সাক্ষ্য গ্রহণ। শুরুতে সাক্ষ্য দেন শিশুর বাবা। তিনি অসুস্থতার জন্য আদালতের অনুমতি নিয়ে চেয়ারে বসে সাক্ষ্য দেন। বিচারকের বিভিন্ন প্রশ্নের জবার দেন। এরপর সাক্ষ্য দেন রামিসার মা। পরে আসামিপক্ষের আইনজীবী জেরা করেন তাঁকে। এরপর অন্যরা সাক্ষ্য দেন।

প্রসঙ্গত,  গত ১৯ মে সকালে পল্লবীর একটি ভবনের তিনতলার ফ্ল্যাট থেকে শিশুটির খণ্ডিত লাশ উদ্ধার করা হয়। শিশু রামিসার প্রতি এ নৃশংসতা দেশজুড়ে চরম ক্ষোভের জন্ম দেয়।

আই/এ

 

এ সম্পর্কিত আরও পড়ুন