বিদেশী পিস্তল পাচারের সময় নারীসহ দুইজন আটক
রাজশাহীতে দুটি বিদেশী পিস্তল, গুলি ও প্রাইভেটকারসহ দুইজনকে আটক করেছে পুলিশ। আটককৃতরা হল দুলাল শেখ (৩৬) ও সানজিদা আকতার শিমু (১৮)। তারা দুইজনই কুষ্টিয়া সদর উপজেলার বটতলী চারমাথা গ্রামের বাসিন্দা।
মঙ্গলবার (২জুন) বিকেল ৪ টার দিকে রাজশাহীর প্রেমতলী পুলিশ তদন্ত কেন্দ্রের একটি দল এ অভিযান চালায়। গোদাগাড়ী সার্কেলের সহকারী পুলিশ সুপার মীর্জা আব্দুস ছালাম বিষয়টি নিশ্চিত করেছেন।
অভিযানে প্রাইভেটকারের গোদাগাড়ীর প্রেমতলী পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ এসএম মাকসুদুর রহমান জানান, মঙ্গলবার দুপুর ২টার দিকে গোপন সূত্রের মাধ্যমে খবর পান যে, চাঁপাইনবাবগঞ্জের কানসাট এলাকা থেকে একটি প্রাইভেটকারে অস্ত্রের চালান কুষ্টিয়ার উদ্দেশে রওনা হয়েছে। তথ্য পাওয়ার পর বিষয়টি ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানিয়েরাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ মহাসড়কের রাজাবাড়িহাট এলাকায় চেকপোস্ট স্থাপন করা হয়। বিকেল ৪টার কিছু আগে সন্দেহভাজন প্রাইভেটকারটি চেকপোস্টে পৌঁছালে সেটি থামিয়ে তল্লাশি চালানো হয়।
একপর্যায়ে গাড়ির ব্যাকডালা তল্লাশি করে দুটি বিদেশি পিস্তল, চারটি ম্যাগাজিন ও ৫৩ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
মাকসুদুর রহমান আরও জানান, আটক ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ করে অস্ত্র চোরাচালান চক্রের অন্য সদস্যদের সম্পর্কে তথ্য সংগ্রহের চেষ্টা চলছে। এ ঘটনায় থানায় অস্ত্র আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
আই/এ