জাতীয়

জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতি নির্বাচিত হওয়ায় পররাষ্ট্রমন্ত্রীকে প্রধানমন্ত্রীর অভিনন্দন

ছবি: ফাইল ছবি

জাতিসংঘের ৮১তম সাধারণ পরিষদের সভাপতি হিসেবে নির্বাচিত হওয়ায় পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

মঙ্গলবার (০২ জুন) রাতে প্রধানমন্ত্রীর কার্যালয়ের ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত পোস্টে এ তথ্য জানানো হয়।

পোস্টে বলা হয়, জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি হিসেবে ড. খলিলুর রহমান নির্বাচিত হওয়ায় প্রধানমন্ত্রী তাকে আন্তরিক অভিনন্দন জানিয়েছেন।

প্রধানমন্ত্রী বলেন, এই অর্জন বৈশ্বিক পরিসরে বাংলাদেশের ক্রমবর্ধমান অবদান, মর্যাদা ও বিশ্বাসযোগ্যতার প্রতিফলন। তিনি আশা প্রকাশ করেন, ড. খলিলুর রহমান গর্বের সঙ্গে বাংলাদেশকে প্রতিনিধিত্ব করবেন এবং বিশ্বের অভিন্ন চ্যালেঞ্জ মোকাবিলায় সংযোগ, সংলাপ ও সহযোগিতা জোরদারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।

এছাড়া নতুন দায়িত্ব সফলভাবে পালনের জন্য তার সর্বাঙ্গীণ সাফল্য কামনা করেন প্রধানমন্ত্রী।

এর আগে স্থানীয় সময় মঙ্গলবার সকালে নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরের সাধারণ পরিষদ কক্ষে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। ভোট শেষে ফলাফল ঘোষণা করেন জাতিসংঘ সাধারণ পরিষদের বর্তমান সভাপতি এবং জার্মানির সাবেক পররাষ্ট্রমন্ত্রী আনালেনা বেয়ারবক।

ভোটে মোট ১৯০টি ভোটের মধ্যে ড. খলিলুর রহমান ৯৯ ভোট পেয়ে নির্বাচিত হন। তার প্রতিদ্বন্দ্বী সাইপ্রাসের আন্দ্রেয়াস কাকুরিস পেয়েছেন ৯১ ভোট। ফলে ৮ ভোটের ব্যবধানে বিজয়ী হন বাংলাদেশের প্রার্থী।

প্রতিষ্ঠিত আঞ্চলিক আবর্তন অনুযায়ী, ৮১তম অধিবেশনের সভাপতি এশিয়া প্যাসিফিক গ্রুপ থেকে নির্বাচিত হবেন। 

আগামী এক বছরের জন্য জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির দায়িত্ব পালন করবেন ড. খলিলুর রহমান। তিনি বর্তমান সভাপতি আনালেনা বেয়ারবকের স্থলাভিষিক্ত হবেন।

 

এমএ//

 

এ সম্পর্কিত আরও পড়ুন