তাপপ্রবাহে পুড়ছে দেশের ৪১ জেলা
রাজধানী ঢাকাসহ দেশের ৪১ জেলার ওপর দিয়ে বর্তমানে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। একই সঙ্গে আগামী ৭২ ঘণ্টার মধ্যে দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু টেকনাফ উপকূল পর্যন্ত অগ্রসর হতে পারে বলেও পূর্বাভাস দিয়েছে সংস্থাটি।
বুধবার (০৩ জুন) আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ ড. মুহাম্মদ আবুল কালাম মল্লিক এ পূর্বাভাস দেন।
আবহাওয়া অধিদপ্তর জানায়, আগামী ২৪ ঘণ্টার মধ্যে রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু এলাকায় এবং রাজশাহী, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের দু-এক জায়গায় দমকা বা ঝোড়ো হাওয়া ও বজ্রসহ বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বৃষ্টির সম্ভাবনাও রয়েছে।
বৃহস্পতিবার (০৪ জুন) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় দেশের আটটি বিভাগের বিভিন্ন এলাকায় একই ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস দেয়া হয়েছে। এ সময় কিছু কিছু এলাকায় মাঝারি ভারী বৃষ্টিও হতে পারে। পাশাপাশি সারাদেশে দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে, তবে রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে।
শুক্রবার (০৫ জুন) ও শনিবার (০৬ জুন) সময়েও দেশের অধিকাংশ এলাকায় দমকা হাওয়া, বজ্রসহ বৃষ্টি এবং কোথাও কোথাও ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। এ দুই দিনে দিনের ও রাতের তাপমাত্রা ধীরে ধীরে কিছুটা কমতে পারে বলে জানানো হয়েছে।
অন্যদিকে, রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের বিভিন্ন জেলা—ঢাকা, নারায়ণগঞ্জ, টাঙ্গাইল, ফরিদপুর, মাদারীপুর, গোপালগঞ্জ, মানিকগঞ্জ, চাঁদপুর, নোয়াখালী, ব্রাহ্মণবাড়িয়া, লক্ষ্মীপুর, বরিশাল, পটুয়াখালী ও ভোলা—সহ আরও অনেক এলাকায় মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহ অব্যাহত রয়েছে।
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, এ পরিস্থিতি আরও কিছুদিন চলতে পারে। একই সঙ্গে আগামী পাঁচ দিন পর বৃষ্টিপাতের প্রবণতা আরও বাড়তে পারে বলেও পূর্বাভাসে উল্লেখ করা হয়েছে।
এসি//