গরু শুধু ‘গোমাতা’ নয়, তিনি আমাদের রাষ্ট্রমাতাও : যোগী আদিত্যনাথ
গরু ইস্যুতে আবারও মুসলিম ধর্মীয় নেতাদের উদ্দেশ করে কড়া মন্তব্য করেছেন ভারতের উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ।
সম্প্রতি এক সরকারি অনুষ্ঠানে তিনি বলেন, ভারতীয় সংস্কৃতিতে গরু ‘মা’ হিসেবে পূজনীয়। তাই গরুর প্রতি কোনো ধরনের অসম্মান করা উচিত নয়। এ বিষয়ে মুসলিম ধর্মীয় নেতাদের তাদের অনুসারীদের সতর্ক করার আহ্বান জানান তিনি।
ভারতীয় গণমাধ্যম দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস ও ডেকান হেরাল্ডের প্রতিবেদনে বলা হয়, সম্প্রতি কিছু মুসলিম সংগঠন গরুকে ভারতের জাতীয় পশু ঘোষণার দাবি তোলে। সেই প্রসঙ্গ ধরেই এ মন্তব্য করেন যোগী আদিত্যনাথ।
অনুষ্ঠানে তিনি বলেন, মায়ের সম্মান রক্ষার বিষয়টি আলাদাভাবে শেখানোর প্রয়োজন নেই। যারা গরুকে শুধুমাত্র পশু হিসেবে দেখে, তারা গো-হত্যাকে সমর্থন করে বলেও মন্তব্য করেন তিনি।
যোগী আদিত্যনাথ আরও বলেন, গরু আমাদের মা। সে নিছক কোনো পশু নয়। গোমাতাকে ‘পশু’ আখ্যা দিলে বুঝতে হবে আপনাদের মানসিকতাই পাশবিক। গোমাতা আমাদের রাষ্ট্রমাতা। এর জন্য কোনো আনুষ্ঠানিক ঘোষণার প্রয়োজন নেই।
এ সময় তিনি গরুকে জাতীয় পশু ঘোষণার দাবির বিরোধিতা করে বলেন, গরু আমাদের মা এবং এর সঙ্গে মানুষের সম্পর্ক আবেগ ও বিশ্বাসের।
অনুষ্ঠানে তিনি পাকিস্তান থেকে বাস্তুচ্যুত ১ হাজার ৬৪৫টি পরিবারের হাতে জমির মালিকানার সনদও তুলে দেন। তিনি বলেন, দেশভাগের সময় সহিংসতার কারণে এসব পরিবার তাদের সম্পত্তি হারিয়েছিল। দীর্ঘ সময় পর তাদের উত্তরসূরিরা আবারও আইনগত স্বীকৃতি পাচ্ছে।
উত্তরপ্রদেশ সরকার জানিয়েছে, এই উদ্যোগে প্রায় ৮ থেকে ১০ হাজার মানুষ উপকৃত হবে। বাকি বাস্তুচ্যুত পরিবারগুলোর জন্যও একই প্রক্রিয়া চলমান রয়েছে।
এসি//