পড়ে থাকা আম কুড়ালেই গুনতে হবে ৫ লাখ টাকা
রাস্তার পাশে পাকা আম পড়ে থাকতে দেখলে অনেকেই তা কুড়িয়ে নিতে পারেন। তবে সিঙ্গাপুরে এমন কাজ করলে গুনতে হতে পারে বড় অঙ্কের জরিমানা। দেশটির আইন অনুযায়ী, সরকারি জায়গা বা রাস্তার ধারে থাকা আম কুড়িয়ে নেওয়া কিংবা গাছ থেকে আম পাড়া- দুটিই শাস্তিযোগ্য অপরাধ।
সম্প্রতি সিঙ্গাপুরপ্রবাসী ভারতীয় বংশোদ্ভূত কনটেন্ট নির্মাতা প্রিয়াঙ্কা সিনহা সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও প্রকাশ করে বিষয়টি তুলে ধরেন। ভিডিওতে রাস্তার পাশে একটি আমগাছে প্রচুর পাকা আম এবং মাটিতে পড়ে থাকা বেশ কিছু আম দেখা যায়।
প্রিয়াঙ্কা জানান, বাইরে থেকে ফলগুলো পরিত্যক্ত মনে হলেও অনুমতি ছাড়া সেগুলো সংগ্রহ করা আইনত নিষিদ্ধ। কেউ যদি রাস্তা থেকে আম কুড়িয়ে নেন বা গাছ থেকে আম পাড়েন, তাহলে তাকে ৫ হাজার সিঙ্গাপুরিয়ান ডলার পর্যন্ত জরিমানা করা হতে পারে। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ প্রায় ৫ লাখ টাকার কাছাকাছি।
সিঙ্গাপুরের আইন অনুযায়ী, রাস্তার পাশে বা সরকারি স্থানে থাকা গাছপালা রাষ্ট্রীয় সম্পদ হিসেবে গণ্য হয়। ফলে অনুমতি ছাড়া সেখান থেকে ফল সংগ্রহ করাকে সরকারি সম্পত্তি আত্মসাতের সমতুল্য অপরাধ হিসেবে দেখা হয়।
এ কারণেই এ ধরনের কর্মকাণ্ড ঠেকাতে দেশটির সরকার কঠোর আইন ও উচ্চ অঙ্কের জরিমানার ব্যবস্থা রেখেছে।
ফলে সিঙ্গাপুরে রাস্তার পাশে পড়ে থাকা পাকা আম দেখলেও তা কুড়িয়ে নেওয়ার আগে আইনগত পরিণতির বিষয়টি মাথায় রাখার পরামর্শ দেয়া হচ্ছে।
এসি//