টানা তৃতীয়বারের মতো সাফ ফাইনালে বাংলাদেশ
নারী সাফ চ্যাম্পিয়নশিপে হ্যাটট্রিক শিরোপার স্বপ্ন নিয়ে ভারতের মাটিতে পা রেখেছিল বাংলাদেশ। সেই লক্ষ্য পূরণে এখন আর মাত্র এক ধাপ দূরে লাল-সবুজের দল। সেমিফাইনালে নেপালকে হারিয়ে টানা তৃতীয়বারের মতো সাফের ফাইনালে উঠেছে বাংলাদেশ।
বুধবার (০৩ জুন) ভারতের গোয়ার মারগাঁওয়ের জওহরলাল নেহরু স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে নেপাল। ম্যাচের ২২তম মিনিটে গীতা রানার গোলে এগিয়ে যায় তারা।
দীপা শাহীর কর্নার থেকে আসা বল বিপদমুক্ত করতে গিয়ে পাঞ্চ করেন বাংলাদেশের গোলরক্ষক মিলি আক্তার। কিন্তু বলটি ডি-বক্সের ভেতরে ফাঁকায় থাকা গীতা রানার সামনে পড়ে। সুযোগ কাজে লাগিয়ে চিপ শটে জালে বল পাঠান তিনি।
গোল খাওয়ার পর দ্রুত ম্যাচে ফেরার চেষ্টা করে বাংলাদেশ। কর্নার থেকে ঋতুপর্ণা চাকমার শটে ভালো সুযোগ তৈরি হলেও তা থেকে গোল পাওয়া যায়নি। উল্টো ৩৫তম মিনিটে নেপালের দূরপাল্লার জোরালো শট ঠেকিয়ে বাংলাদেশকে বড় বিপদ থেকে রক্ষা করেন মিলি আক্তার। তার স্পর্শের পর বল ক্রসবারে লেগে ফিরে আসে।
তবে প্রথমার্ধের শেষ দিকে ঘুরে দাঁড়ায় বাংলাদেশ। ৪৫তম মিনিটে ঋতুপর্ণা চাকমার সরাসরি কর্নার থেকে নেওয়া দুর্দান্ত শট জালে জড়ালে সমতায় ফেরে দল। অবিশ্বাস্য এই ‘অলিম্পিক গোল’-এ ১-১ ব্যবধানে বিরতিতে যায় দুই দল।
দ্বিতীয়ার্ধে দুই দলই গোলের চেষ্টা চালালেও নির্ধারিত সময়ে আর ব্যবধান গড়া যায়নি। ম্যাচ যখন টাইব্রেকারের দিকে এগোচ্ছিল, তখন অতিরিক্ত সময়ে গোল করে বাংলাদেশকে ফাইনালের টিকিট এনে দেন সাগরিকা।
নেপালের বিপক্ষে এই জয়ে টানা তৃতীয়বার নারী সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠল বাংলাদেশ। এখন শিরোপা ধরে রাখার লড়াইয়ে আসছে ৬ জুন মাঠে নামবে লাল-সবুজের প্রতিনিধিরা।
এমএ//