দেশজুড়ে

কৃষিপণ্যের জন্য দেশীয় প্রযুক্তিনির্ভর কম খরচের সংরক্ষণ ব্যবস্থা গড়তে হবে : বাণিজ্যমন্ত্রী

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, আগে পেঁয়াজ দীর্ঘদিন সংরক্ষণ করা সম্ভব হতো না। কিন্তু স্বল্প খরচে ব্লোয়ার ও এক্সজস্ট ফ্যান ব্যবহার করে এখন কয়েক মাস সংরক্ষণ করা যাচ্ছে। একইভাবে লিচু ও আলুসহ বিভিন্ন কৃষিপণ্যের জন্যও দেশীয় প্রযুক্তিনির্ভর কম খরচের সংরক্ষণ ব্যবস্থা গড়ে তুলতে হবে।

শুক্রবার (৫ জুন) দুপুরে পাবনার ঈশ্বরদীর মিরকামারী আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে বাংলাদেশ কৃষক সমিতির উদ্যোগে লিচু উৎসব ও কৃষি বাণিজ্য মেলার অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। 

লিচুর পচন ও ফলন ক্ষতিগ্রস্ত হওয়ার কারণ অনুসন্ধানে কৃষি মন্ত্রণালয়কে গবেষণার আহ্বান জানিয়ে মন্ত্রী বলেন, গরম আবহাওয়া কিংবা কীটনাশকের কোনো ত্রুটির কারণে সমস্যা হয়ে থাকতে পারে। একটি লিচুও যেন নষ্ট না হয়, সে লক্ষ্যে কার্যকর সমাধান বের করতে হবে।

তিনি বলেন, কৃষকদের প্রত্যেকটা উদ্ভাবনী ক্ষেত্রে এই সরকারের সহযোগীতা পাবেন। তাছাড়াও এই এলাকার মানুষের সাথে কৃষির একটি আত্বিক সম্পর্ক আছে।  যে এলাকার  মানুষের সাথে কৃষির আত্বিক সম্পর্ক সেই এলাকায়তো কৃষির নেতৃত্ব দিবে।

তিনি আরও বলেন, আমরা একটা সম্ভাব্যতা যাচাই করবো এই এলাকায় লিচু সংরক্ষণাগার বা হিমাগার তৈরী করা যায় কিনা, সব থেকে ভালো সমাধান হলো হোম সলিউশন।

এ সময়ে পাবনাতে ২০০ একরের জমিতে বিসিক শিল্প নগরী গড়ে তোলার ঘোষণা দেন বাণিজ্যমন্ত্রী।

এর আগে বাণিজ্যমন্ত্রী মেলার উদ্বোধন করেন এবং বিভিন্ন স্টল পরিদর্শন করেন। মেলায় স্থানীয় কৃষিপণ্য, লিচু, কৃষি প্রযুক্তি ও উদ্ভাবনী উদ্যোগ প্রদর্শিত হয়।

মেলায় কৃষি প্রযুক্তি প্রদর্শনী, স্থানীয় কৃষিপণ্যের প্রদর্শন ও বিক্রয়, উদ্যোক্তা স্টল, লোকজ সাংস্কৃতিক অনুষ্ঠানসহ কৃষকদের জন্য নানা তথ্যভিত্তিক কার্যক্রম ছিল।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সমাজকল্যাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফারজানা শারমিন পুতুল। এছাড়াও বক্তব্য রাখেন সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য আরিফা সুলতানা রুমা, জেলা বিএনপির আহ্বায়ক হাবিবুর রহমান হাবিব, পাবনার জেলা প্রশাসক আমিনুল ইসলাম এবং বাংলাদেশ কৃষক সমিতির সভাপতি সিদ্দিকুর রহমান ময়েজ।

আই/এ

এ সম্পর্কিত আরও পড়ুন