বিয়ের দিনই ইসরাইলি হামলায় ফিলিস্তিনি যুবকের মৃত্যু, ৪৮ ঘণ্টায় নিহত ৫
ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার দক্ষিণাঞ্চলীয় খান ইউনুসে দখলদার ইসরাইলি বাহিনীর হামলায় মুহান্নাদ ওসমান ফারাওনা নামে এক ফিলিস্তিনি যুবক নিহত হয়েছেন। শনিবার (০৬ জুন) তার বিয়ের অনুষ্ঠান হওয়ার কথা ছিল।
কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরার প্রতিবেদনে বলা হয়, শনিবার ভোরে খান ইউনিস শহরের কেন্দ্রস্থলে একটি তাঁবুতে ইসরাইলি বাহিনী হামলা চালায়। এতে মুহান্নাদ ওসমান ফারাওনা নিহত হন বলে জানিয়েছে চিকিৎসা সূত্র।
স্থানীয়দের বরাতে আলজাজিরা জানায়, একই দিন মুহান্নাদের বিয়ের আয়োজন হওয়ার কথা ছিল। কিন্তু আনন্দের দিনটি মুহূর্তেই শোকে পরিণত হয়।
এদিকে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত ৪৮ ঘণ্টায় ইসরাইলি হামলায় অন্তত পাঁচ ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ৪৯ জন।
মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, নিহতদের মধ্যে দুজন নতুন হামলায় প্রাণ হারিয়েছেন। একজন আগের আহত অবস্থায় মারা গেছেন। এছাড়া ধ্বংসস্তূপের নিচ থেকে আরও একজনের মরদেহ উদ্ধার করা হয়েছে।
স্বাস্থ্য মন্ত্রণালয় আরও জানায়, এখনও অনেক মানুষ ধ্বংসস্তূপের নিচে কিংবা সড়কে আটকা পড়ে আছেন। উদ্ধারকারী দল অনেক স্থানে পৌঁছাতে না পারায় হতাহতের প্রকৃত সংখ্যা আরও বাড়তে পারে।
গেল ১১ অক্টোবর যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পরও গাজায় সহিংসতা থামেনি। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের হিসাব অনুযায়ী, যুদ্ধবিরতির পর থেকে এখন পর্যন্ত ৯৫১ জন নিহত এবং ২ হাজার ৯৮৪ জন আহত হয়েছেন। একই সময়ে ধ্বংসস্তূপের নিচ থেকে ৭৮২টি মরদেহ উদ্ধার করা হয়েছে।
এমএ//