স্বাস্থ্য

সেই ৬ নবজাতকের পরিবারকে আজীবন ফ্রী চিকিৎসা ও ক্ষতিপূরণের প্রস্তাব আদ দ্বীন হাসপাতালের

রাজধানীর আদ দ্বীন হাসপাতালের অবহেলায় মৃত ছয় নবজাতকের পরিবারকে সারা জীবন ফ্রি চিকিৎসা, পরিবারের সদস্যদের চাকরি এবং বিনামূল্যে মেডিক্যাল শিক্ষা দেওয়ার প্রস্তাব দিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। একই সঙ্গে হাসপাতাল কর্তৃপক্ষকে দেওয়া কারণ দর্শানোর নোটিশের জবাব না দিলে লাইসেন্স বাতিলের যে ঘোষণা দেওয়া হয়েছে তা বেআইনি বলে দাবি করেছে তারা।

শনিবার (৬ জুন) রাজধানীর তেজগাঁওয়ে একটি হোটেলে আয়োজিত সংবাদ সম্মেলনে ভুক্তভোগী পরিবার ও হাসপাতাল কর্তৃপক্ষের উপস্থিতিতে এ দাবি করেন প্রতিষ্ঠানটির লিগ্যাল টিমের সদস্য ও সুপ্রিম কোর্টের আইনজীবী শিশির মনির

তিনি বলেন, এখন পর্যন্ত ওই হাসপাতালে এ ঘটনার মতো আর কোনও দুর্ঘটনা একবারও সংঘটিত হয়নি। এই ঘটনায় হাসপাতাল পাঁচ সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করে। তারা তদন্ত করেছে। ইতোমধ্যে ওই সেকশনগুলোতে দায়িত্বে থাকা ব্যক্তিদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে।

শিশির মনির বলেন, স্বাস্থ্য মন্ত্রণালয়ের তদন্ত প্রতিবেদনে শিশুদের মৃত্যুর কারণ হিসেবে ওয়ার্ডে অক্সিজেন স্বল্পতা ও কার্বন-ডাই-অক্সাইড গ্যাসের বৃদ্ধির কথা বলা হয়েছে। কিন্তু ওই ওয়ার্ডে অক্সিজেনের মাত্রা কতটুকু ছিল, কার্বনডাইঅক্সাইড কী পরিমাণে ছিল সেটার সুনির্দিষ্ট তথ্য নেই। আরেকটি প্রশ্ন কতটুকু অক্সিজেন থাকলে শিশুর মৃত্যু ঘটবে না সে বিষয়েও সুনির্দিষ্ট ব্যাখ্যা নেই। এখানে অস্পষ্টতা থেকে যায়।

তিনি  বলেন, স্বাস্থ্য অধিদপ্তর থেকে গত বৃহস্পতিবার হাসপাতাল কর্তৃপক্ষকে দেওয়া কারণ দর্শানোর যে নোটিশ দেওয়া হয়েছে সেটার জবাব আগামীকাল বিকেল ৫টার মধ্যে যথাযথ কর্তৃপক্ষ বরাবর প্রদান করা হবে। কিন্তু জবাবের বিষয় সন্তোষজনক না হলে কেন হাসপাতালের লাইসেন্স বাতিল হবে না, তা জানতে চাওয়ার বিষয়টি সম্পূর্ণ বেআইনি।

অনুষ্ঠানে উপস্থিত এক শিশুর বাবা হাবিবুর রহমান বলেন, আমরা চাই যে প্রকৃত দোষী তারই শাস্তি হোক। কিন্তু হাসপাতাল বন্ধ ঘোষণা আমরা চাই না। আমার এর আগেও দুই সন্তানের জন্ম হয়েছে এ হাসপাতালে তারা সুস্থ অবস্থাতেই ছিল 

শিশির মনির আরও বলেন, আমরা কেউই জীবন ফিরিয়ে দিতে পারবো না, জীবন ফিরিয়ে দেওয়ার এখতিয়ার আমাদের নেই। কিন্তু মানুষের পক্ষে যা যা করণীয় সম্ভব তা সবকিছু করার জন্য উই আর রেডি

আই/এ

 

এ সম্পর্কিত আরও পড়ুন