আবহাওয়া

দেশজুড়ে বজ্রবৃষ্টির পূর্বাভাস

গরম আর ভ্যাপসা আবহাওয়ার মধ্যে স্বস্তির খবর দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। দেশের বিভিন্ন অঞ্চলে আগামী কয়েকদিন বজ্রসহ বৃষ্টির প্রবণতা অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে সংস্থাটি। এর সঙ্গে কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বর্ষণেরও সম্ভাবনা রয়েছে। ফলে রাজধানীসহ দেশের বিস্তীর্ণ এলাকায় বৃষ্টিমুখর আবহাওয়া দেখা যেতে পারে।

রোববার (০৭ জুন) বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ খো. হাফিজুর রহমান স্বাক্ষরিত পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।

পূর্বাভাস অনুযায়ী, আগামী ২৪ ঘণ্টায় ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ এলাকায় এবং রংপুর ও রাজশাহী বিভাগের কয়েকটি স্থানে অস্থায়ী দমকা বা ঝড়ো হাওয়ার সঙ্গে বিদ্যুৎ চমকানোসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি কিংবা বজ্রবৃষ্টি হতে পারে। একই সময়ে দেশের কিছু এলাকায় মাঝারি থেকে ভারী বর্ষণের সম্ভাবনাও রয়েছে। এ সময় দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে, তবে রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে।

সোমবার (০৮ জুন) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় ঢাকা, ময়মনসিংহ, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক স্থানে এবং রংপুর, রাজশাহী ও খুলনা বিভাগের কিছু এলাকায় বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হতে পারে। এদিন দেশের দিন ও রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।

মঙ্গলবার (০৯ জুন) ঢাকা, ময়মনসিংহ, খুলনা ও সিলেট বিভাগের বহু স্থানে এবং রংপুর, রাজশাহী, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কয়েকটি এলাকায় দমকা হাওয়া ও বজ্রপাতসহ বৃষ্টির পূর্বাভাস দেয়া হয়েছে। একইসঙ্গে দেশের কিছু অঞ্চলে মাঝারি থেকে ভারী বর্ষণ হতে পারে। তবে এদিন তাপমাত্রায় বড় কোনো পরিবর্তনের সম্ভাবনা নেই।

বুধবার (১০ জুন) দেশের আট বিভাগেরই কিছু কিছু এলাকায় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। এদিন দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে, যদিও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

এদিকে বৃহস্পতিবার (১১ জুন) রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক স্থানে এবং ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু এলাকায় বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। একই সময়ে দেশের বিভিন্ন স্থানে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হতে পারে। দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকার আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

 

এসি//

এ সম্পর্কিত আরও পড়ুন