রাজধানীতে বৃষ্টির আভাস, কমতে পারে তাপমাত্রা
রাজধানী ঢাকায় আজ দুপুরের মধ্যে বৃষ্টি বা বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। একই সঙ্গে আকাশ আংশিক মেঘলা থাকতে পারে এবং দিনের তাপমাত্রা কিছুটা কমে যেতে পারে বলেও পূর্বাভাসে উল্লেখ করা হয়েছে।
সোমবার (০৮ জুন) সকাল ৭টায় ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার জন্য প্রকাশিত পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।
সেখানে বলা হয়, ঢাকার আকাশ আংশিকভাবে মেঘে ঢাকা থাকতে পারে এবং দিনের যেকোনো সময় বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে। পাশাপাশি তাপমাত্রা সামান্য হ্রাস পাওয়ার সম্ভাবনাও রয়েছে।
এছাড়া দক্ষিণ-দক্ষিণপূর্ব দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে।
আবহাওয়া অধিদপ্তরের ১২০ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রংপুর, ঢাকা, ময়মনসিংহ, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু এলাকায় অস্থায়ী দমকা বা ঝড়ো হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে। একই সঙ্গে রাজশাহী ও খুলনা বিভাগের দু–এক জায়গায়ও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
পূর্বাভাসে আরও জানানো হয়েছে, দেশের কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বর্ষণও হতে পারে। তবে এই সময় সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে বলেও ধারণা দেয়া হয়েছে।
এসি//