দেশজুড়ে

জমি নিয়ে বিরোধে কলেজছাত্র নিহত, আহত বড় ভাই

ছবি: সংগৃহীত

গাইবান্ধা সদর উপজেলায় জমি-সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে সংঘর্ষে ফাহমিদ রুমন (১৮) নামে এক কলেজছাত্র নিহত হয়েছেন। একই ঘটনায় তার বড় ভাই ফারদিন রুহিত (২০) গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

রোববার (৭ জুন) রাতে সদর উপজেলার বোয়ালী ইউনিয়নের পেয়ারাপুর গ্রামে এ ঘটনা ঘটে। সোমবার সকালে বিষয়টি নিশ্চিত করেন গাইবান্ধা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন।

নিহত রুমন গাইবান্ধা সরকারি কলেজের অনার্স প্রথম বর্ষের শিক্ষার্থী এবং পেয়ারাপুর গ্রামের মৃত ফারুক ইসলামের ছেলে। আহত রুহিত তার সহোদর বড় ভাই।

স্থানীয় সূত্রের উদ্ধৃত্তি দিয়ে পুলিশ জানায়, প্রতিবেশী রাকিবের পরিবারের সঙ্গে রুহিতদের দীর্ঘদিন ধরে জমির সীমানা নিয়ে বিরোধ চলছিল। এর জেরে রোববার (৭জুন) রাত সাড়ে ৯টার দিকে দুই পক্ষের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে রাকিব ধারালো অস্ত্র দিয়ে রুহিতকে আঘাত করেন বলে অভিযোগ ওঠে। ভাইকে রক্ষা করতে এগিয়ে গেলে রুমনের ওপরও হামলা চালানো হয়।

পরে স্থানীয়রা দুই ভাইকে উদ্ধার করে গাইবান্ধা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রুমনকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত রুহিত হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছেন।

গাইবান্ধা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন জানান, এ ঘটনায় এখনো কোনো লিখিত অভিযোগ করা হয়নি। অভিযুক্তরা পলাতক থাকায় তাদের গ্রেপ্তারের অভিযান চালানো হচ্ছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে অভিযুক্ত রাকিবের মা ও স্ত্রীকে পুলিশি হেফাজতে রাখা হয়েছে বলে তিনি জানান। 

 

পি/ডি   

এ সম্পর্কিত আরও পড়ুন