স্বর্ণের বাজারে স্বস্তির আভাস
টানা কয়েক দফা মূল্যহ্রাসে দেশের স্বর্ণবাজারে কিছুটা স্বস্তির আভাস মিলছে। চলতি মাসের শুরু থেকেই ধাপে ধাপে কমছে মূল্যবান এই ধাতুর দাম। সর্বশেষ দফায় ভরিপ্রতি ছয় হাজার টাকারও বেশি কমানো হয়েছে ২২ ক্যারেট স্বর্ণের দাম। ফলে মাত্র আট দিনের ব্যবধানে তিন দফায় ভরিপ্রতি স্বর্ণের মূল্য কমেছে ১৫ হাজার ৩৩৯ টাকা।
বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) সর্বশেষ ২২ ক্যারেট স্বর্ণের ভরিপ্রতি দাম ৬ হাজার ৫৯১ টাকা কমিয়ে নতুন মূল্য নির্ধারণ করেছে ২ লাখ ২২ হাজার ৭৮২ টাকা। বুধবার (১০ জুন) সকাল ১০টা থেকে নতুন এই দর কার্যকর হয়েছে।
বাজুস জানিয়েছে, স্থানীয় বাজারে তেজাবী বা পাকা স্বর্ণের দাম কমে যাওয়ার পরিপ্রেক্ষিতে নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে। এদিন সকালে মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণ সংক্রান্ত স্থায়ী কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। পরে কমিটির চেয়ারম্যান ডা. দেওয়ান আমিনুল ইসলাম শাহীন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।
নতুন দর অনুযায়ী, ২১ ক্যারেট স্বর্ণের ভরিপ্রতি দাম ৬ হাজার ২৯৮ টাকা কমিয়ে নির্ধারণ করা হয়েছে ২ লাখ ১২ হাজার ৬৩৫ টাকা। ১৮ ক্যারেট স্বর্ণের দাম ৫ হাজার ৪২৪ টাকা কমে দাঁড়িয়েছে ১ লাখ ৮২ হাজার ২৫০ টাকা। এছাড়া সনাতন পদ্ধতির স্বর্ণের ভরিপ্রতি মূল্য ৪ হাজার ৪৩৩ টাকা কমিয়ে নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৪৮ হাজার ৪২৪ টাকা।
এর আগে গত ৬ জুন ২২ ক্যারেট স্বর্ণের ভরিপ্রতি দাম ৫ হাজার ৪৮২ টাকা কমিয়ে ২ লাখ ২৯ হাজার ৩৭৩ টাকা নির্ধারণ করা হয়েছিল। একই সময়ে ২১ ক্যারেট স্বর্ণের দাম ৫ হাজার ২৪৯ টাকা কমিয়ে ২ লাখ ১৮ হাজার ৯৩৩ টাকা, ১৮ ক্যারেট স্বর্ণের দাম ৪ হাজার ৪৯০ টাকা কমিয়ে ১ লাখ ৮৭ হাজার ৬৭৪ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণের দাম ৩ হাজার ৬১৬ টাকা কমিয়ে ১ লাখ ৫২ হাজার ৮৫৭ টাকা করা হয়।
এরও আগে গত ২ জুন ২২ ক্যারেট স্বর্ণের ভরিপ্রতি দাম ৩ হাজার ২৬৬ টাকা কমানো হয়েছিল। ফলে চলতি মাসে তিন দফায় ভরিপ্রতি ২২ ক্যারেট স্বর্ণের দাম মোট ১৫ হাজার ৩৩৯ টাকা কমলো।
স্বর্ণের পাশাপাশি কমেছে রুপার দামও। নতুন মূল্য অনুযায়ী, ২২ ক্যারেট রুপার ভরিপ্রতি দাম ৩৫০ টাকা কমিয়ে নির্ধারণ করা হয়েছে ৪ হাজার ৮৯৯ টাকা। ২১ ক্যারেট রুপার দাম ২৯১ টাকা কমে দাঁড়িয়েছে ৪ হাজার ৬৬৬ টাকা। ১৮ ক্যারেট রুপার ভরিপ্রতি মূল্য ২৩৩ টাকা কমিয়ে ৪ হাজার ২৪ টাকা এবং সনাতন পদ্ধতির রুপার দাম ১৭৫ টাকা কমিয়ে ৩ হাজার ৩৩ টাকা নির্ধারণ করা হয়েছে।
এসি//