ছিনতাই নয়, পূর্বশত্রুতার জেরে মোটরসাইকেল আরোহীকে ইটের আঘাত
রাজধানীর কাফরুলে মোটরসাইকেল আরোহীকে ইট দিয়ে আঘাতের ঘটনায় ছড়িয়ে পড়া সিসিটিভি ফুটেজের রহস্য উদ্ঘাটন করেছে পুলিশ। ঘটনাটি ছিনতাই নয়, পূর্বশত্রুতার জেরে ঘটেছে বলে প্রাথমিক তদন্তে জানিয়েছে কাফরুল থানা পুলিশ। এ ঘটনায় দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে।
শুক্রবার (১২ জুন) ডিএমপি মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান মিরপুর বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. মোস্তাক সরকার।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন মো. পারভেজ, বয়স ৩০ বছর এবং আনোয়ার হোসেন বাবু, বয়স ৩২ বছর।
কাফরুল থানা সূত্রে জানা যায়, গেল মঙ্গলবার রাত ১টা ২০ মিনিটের দিকে পূর্ব শেওড়াপাড়া বাসস্ট্যান্ডের কাছাকাছি ইব্রাহিমপুরের পাকা রাস্তায় এ ঘটনা ঘটে। রাফি নামে এক যুবক মোটরসাইকেলে করে বাসায় ফিরছিলেন। এ সময় পূর্বশত্রুতার জেরে কয়েকজন দুষ্কৃতিকারী তার পথরোধের চেষ্টা করে। একপর্যায়ে তার মাথার ডান পাশে ইট দিয়ে আঘাত করা হয়।
আঘাতে রাফি রক্তাক্ত অবস্থায় মোটরসাইকেলসহ রাস্তায় পড়ে যান। পরে হামলাকারীরাই তাকে ঘটনাস্থল থেকে একটি অটোরিকশায় তুলে নিয়ে যায়। এ ঘটনার সিসিটিভি ফুটেজ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক আলোচনা তৈরি হয়।
এ ঘটনায় রাফির চাচা নুর হোসেন বাদী হয়ে কাফরুল থানায় হত্যাচেষ্টার মামলা করেন।
তদন্তে নেমে পুলিশ সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে ঘটনায় জড়িত চারজনকে শনাক্ত করে। তারা হলেন মো. পারভেজ, মো. ফয়সাল ওরফে কালু, আনোয়ার হোসেন বাবু ও আমিন।
পরে বৃহস্পতিবার তথ্যপ্রযুক্তির সহায়তায় ময়মনসিংহের ধোবাউড়া থানার ভারতীয় সীমান্তবর্তী এলাকা থেকে পারভেজকে গ্রেপ্তার করে কাফরুল থানা পুলিশের একটি দল। একই দিন আরেকটি অভিযানে ইব্রাহিমপুর এলাকা থেকে আনোয়ার হোসেন বাবুকে গ্রেপ্তার করা হয়। ঘটনাস্থলের কাছাকাছি এলাকা থেকে রাফির মোটরসাইকেলটি পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করা হয়েছে।
এমএ//