জাতীয়

আদিবাসীদের ভূমির অধিকার নিশ্চিতে সরকার কাজ করছে: ভূমিমন্ত্রী

ভূমিহীন আদিবাসী জনগোষ্ঠীর জমির অধিকার নিশ্চিত করতে সরকার কার্যকর পদক্ষেপ নেবে বলে জানিয়েছেন ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু। তিনি বলেছেন, প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন ও ন্যায্য ভূমি অধিকার প্রতিষ্ঠা সরকারের অগ্রাধিকারের মধ্যে রয়েছে।

শনিবার (১৩ জুন) দুপুরে রাজশাহী নগরীর হোটেল ওয়ারিশনের সম্মেলন কক্ষে আয়োজিত এক সংবর্ধনা ও মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। আদিবাসীদের সাংবিধানিক স্বীকৃতি ও পৃথক ভূমি কমিশনের দাবিতে এ সভার আয়োজন করে জাতীয় আদিবাসী পরিষদের কেন্দ্রীয় কমিটি।

ভূমিমন্ত্রী বলেন, দেশের কোনো নাগরিক যেন ভূমি অধিকার থেকে বঞ্চিত না হন, সে লক্ষ্যে সরকার কাজ করছে। বিশেষ করে ভূমিহীন, প্রান্তিক ও পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জন্য ন্যায়ভিত্তিক ও টেকসই ভূমি ব্যবস্থাপনা নিশ্চিত করতে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হবে।

তিনি আরও বলেন, আদিবাসী জনগোষ্ঠীর ভূমি-সংক্রান্ত দীর্ঘদিনের সমস্যাগুলো সমাধানে সরকার আন্তরিক। তাদের অধিকার, নিরাপত্তা ও জীবনমান উন্নয়নের প্রশ্নে সংশ্লিষ্ট সব পক্ষের মতামত গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হবে।

সভায় বক্তারা বলেন, আদিবাসী জনগোষ্ঠীর দীর্ঘদিনের দাবি হলো সংবিধানে আদিবাসী হিসেবে স্বীকৃতি এবং ভূমি অধিকার সুরক্ষায় পৃথক ও স্বাধীন ভূমি কমিশন গঠন। এসব দাবি বাস্তবায়নে সরকারের সুনির্দিষ্ট উদ্যোগ প্রয়োজন বলে মত দেন তারা।

জাতীয় আদিবাসী পরিষদের কেন্দ্রীয় কমিটির সভাপতি গণেশ মার্ডির সভাপতিত্বে সভায় বিভিন্ন আদিবাসী সংগঠনের নেতা, সুশীল সমাজের প্রতিনিধি এবং নানা শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

 

এমএ//

এ সম্পর্কিত আরও পড়ুন