শহীদ ওয়াসিমের মায়ের হাতে ২০ লাখ টাকার সঞ্চয়পত্র তুলে দিলেন প্রধানমন্ত্রী
২০২৪ সালের জুলাই আন্দোলনে শহীদ মোহাম্মদ ওয়াসিমের কবর জিয়ারত করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
শনিবার (১৩ জুন) বিকেল ৪টায় কক্সবাজারের পেকুয়া উপজেলার সদর ইউনিয়নের দক্ষিণ মেহেরনামা গ্রামের মোরারপাড়া কবরস্থানে গিয়ে প্রধানমন্ত্রী ওয়াসিমের কবর জিয়ারত করেন এবং তাঁর আত্মার মাগফিরাত কামনা করেন।
কবর জিয়ারত শেষে শহীদ ওয়াসিমের পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করেন প্রধানমন্ত্রী। এ সময় তিনি ওয়াসিমের বাবা, মা ও পরিবারের অন্য সদস্যদের খোঁজ-খবর নেন এবং তাঁদের প্রতি সমবেদনা জানান।
পরে ওয়াসিমের মা জোসনা বেগমের হাতে ২০ লাখ টাকার সঞ্চয়পত্র তুলে দেন প্রধানমন্ত্রী। মোহাম্মদ ওয়াসিম ২০২৪ সালের জুলাই আন্দোলনের সময় চট্টগ্রামের মুরাদপুর এলাকায় নিহত হন। তিনি চট্টগ্রাম কলেজ ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য ছিলেন।
এ সময় প্রধানমন্ত্রীর সঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, পানিসম্পদমন্ত্রী মো. শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম, ভূমি ও পার্বত্য চট্টগ্রামবিষয়ক প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দিন, স্থানীয় সরকার ও পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ, বেসামরিক বিমান ও পর্যটন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত, বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মোহাম্মদ শরীফুল আলম এবং প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এ কে এম শামছুল ইসলামসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
আই/এ