টাইগারদের বিপক্ষে হোয়াইট ওয়াশের লজ্জা এড়াল অস্ট্রেলিয়া
তিন ম্যাচ সিরিজের দুই ম্যাচ জিতে আগেই সিরিজ জয় নিশ্চিত করেছে বাংলাদেশ। ৩য় ম্যাচটি জিতলে প্রথমবারের মত অস্ট্রেলিয়াকে হোয়াইট ওয়াশ এর লজ্জায় ডুবাতে পারত টাইগাররা। তবে শ্বাসরুদ্ধকর ম্যাচটি ১ উইকেটে জয়লাভ করে হোয়াইট ওয়াশের লজ্জা এড়াল অস্ট্রেলিয়া।
রোববার (১৪ জুন) সকালে মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে মুখোমুখি হয় দুই দল। বাংলাদেশের দেয়া ২৭৫ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ১ উইকেটে জয় পায় অস্ট্রেলিয়া।
লক্ষ্য তাড়া করতে নেমে শুরু থেকেই বাংলাদেশি বোলারদের ওপর চড়াও হন অজি ওপেনাররা। ৪০ রানের উদ্বোধনী জুটি ভাঙেন শরিফুল ইসলাম। উইকেটে থিতু হওয়ার আগেই রেনশার উইকেটও তুলে নেন শরিফুল। দেখে শুনে খেলতে থাকা এলেক্স ক্যারিকে ফেরান তাসকিন। এরপরে লাবুশ্যাংকে সঙ্গে নিয়ে জুটি গড়েন কনোল্লি। ১৩৪ রানে লাবুশ্যাংকে ফেরান শরিফুল। ক্যামেরুন গ্রীনকে নিয়ে রানের চাকা সচল রেখে জয়ের লক্ষ্যে এগোতে থাকেন কনোল্লি। ২৭ রান করা গ্রীন কে ফেরান শেখ মাহাদি। এরমধ্যে অলিভার পিকে কে নিয়ে সেঞ্চুরি তুলে নেন কনোল্লি। অজিদের জয় যখন অনেকটাই নিশ্চিত তখন জ্বলে উঠেন শরিফুল। ২৭ রানে পিকেকে ফিরিয়ে শূন্য ও চার রানে যথাক্রমে বারলেট ও বেড দারশুইসের উইকেট নেন তিনি। এরপরে সেঞ্চুরিয়ান কনোল্লিকে বোল্ড করে ম্যাচ জমিয়ে তোলেন মোস্তাফিজ। অজিদের তখন দরকার ৯ বলে ৪ রান। আর বাংলাদেশের দরকার ১ উইকেট। তবে চাপ জয় করে ৩ বল বাকি থাকতে জয় পায় অজিরা।
বাংলাদেশের পক্ষে ৪৮ রানে ৬ উইকেট নেন শরিফুল ইসলাম। তাসকিন, মোস্তাফিজ ও মাহেদি নেন ১ টি করে উইকেট।
আই/এ