চট্টগ্রামে মা-মেয়ে হত্যার প্রধান আসামি গ্রেপ্তার
চট্টগ্রামের আনোয়ারায় মা ও মেয়েকে নৃশংসভাবে হত্যার ঘটনায় প্রধান আসামি রিমন বড়ুয়া প্রকাশ তেজু বড়ুয়াকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (১৪ জুন) রাতে পটিয়া থানা এলাকা থেকে তাকে আটক করা হয়।
চট্টগ্রামের জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মো. রাসেল জানান, আনোয়ারা থানার চেনামতি এলাকায় সংঘটিত আলোচিত এই হত্যাকাণ্ডের মামলার প্রধান আসামিকে বিশেষ অভিযানে গ্রেপ্তার করা হয়েছে। ঘটনার বিস্তারিত তথ্য জানাতে সোমবার (১৫জুন) বেলা সাড়ে ১১টায় সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে।
রোববার (১৩ জুন) গভীর রাতে আনোয়ারা উপজেলার পরৈকোড়া ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের চেনামতি বড়ুয়া পাড়ায় এ মর্মান্তিক ঘটনা ঘটে। হামলায় নিহত হন এনি বড়ুয়া (৪০) এবং তার মেয়ে প্রিয়ন্তী বড়ুয়া (১৬)। একই ঘটনায় গুরুতর আহত হয় পরিবারের পাঁচ বছর বয়সী ছেলে পিয়াস বড়ুয়া, যে বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
নিহত এনি বড়ুয়ার স্বামী সুজন বড়ুয়ার দাবি , প্রতিবেশী রিমন বড়ুয়ার সঙ্গে তাদের আর্থিক লেনদেন নিয়ে দীর্ঘদিনের বিরোধ ছিল। তার ধারণা, ওই বিরোধের জের ধরেই লেনদেনসংক্রান্ত কাগজপত্রের খোঁজে হামলার ঘটনা ঘটতে পারে।
তিনি আরও জানান, মৃত্যুর আগে তার স্ত্রীও হামলাকারী হিসেবে তেজু বড়ুয়ার নাম উল্লেখ করেছিলেন।
পুলিশ জানিয়েছে, এ হত্যাকাণ্ডের পেছনের প্রকৃত কারণ উদ্ঘাটন এবং এতে অন্য কেউ জড়িত ছিল কি না, তা তদন্ত করে দেখা হচ্ছে।
পি/ডি