লন্ডনে হাসনাত আবদুল্লাহকে লক্ষ্য করে ডিম নিক্ষেপ, কড়া নিরাপত্তায় সম্পন্ন কর্মসূচি
যুক্তরাজ্যের লন্ডনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা ও সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহর একটি অনুষ্ঠানকে কেন্দ্র করে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে। সোমবার (১৫ জুন) পূর্ব লন্ডনের রমফোর্ড ও হোয়াইটচ্যাপেল এলাকায় এ ঘটনা ঘটে।
জানা গেছে, ইস্ট লন্ডন মসজিদ সংলগ্ন মায়েদা গ্রিল রেস্টুরেন্টে এনসিপি ইউকে অ্যালায়েন্স আয়োজিত একটি সভায় প্রধান অতিথি হিসেবে অংশ নিতে লন্ডনে অবস্থান করছিলেন হাসনাত আবদুল্লাহ। তাকে ঘিরে বাংলাদেশে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের যুক্তরাজ্য শাখার নেতাকর্মী ও সমর্থকেরা বিক্ষোভ করেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, অনুষ্ঠানস্থলে যাওয়ার পথে পূর্ব লন্ডনের এলেম পার্ক এলাকায় হাসনাত আবদুল্লাহ ও তার সঙ্গীদের অনুসরণ করে কয়েকজন বিভিন্ন মন্তব্য করতে থাকেন। একপর্যায়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে তিনি একটি রেস্টুরেন্টে আশ্রয় নেন। তখন তার সঙ্গে থাকা ব্যক্তিদের লক্ষ্য করে ডিম ছোড়া হয়।
পরে হোয়াইটচ্যাপেল এলাকার ইস্ট লন্ডন মসজিদের পেছনে মায়েদা ব্যাংকুয়েটিং হলে আয়োজিত অনুষ্ঠানে যোগ দিতে গেলে ফের বিক্ষোভের মুখে পড়েন তিনি। নির্ধারিত সময় সন্ধ্যা ৬টার পরিবর্তে প্রায় তিন ঘণ্টা পর রাত ৯টার দিকে পুলিশের কঠোর নিরাপত্তায় বিকল্প পথ দিয়ে অনুষ্ঠানস্থলে প্রবেশ করেন হাসনাত আবদুল্লাহ।
এ সময় বিক্ষোভকারীরা স্লোগান দেওয়ার পাশাপাশি তাকে লক্ষ্য করে ডিম নিক্ষেপ করেন বলে জানা গেছে। পুলিশ দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়। অনুষ্ঠান শেষে হাসনাত আবদুল্লাহকেও নিরাপত্তার মধ্যেই স্থান ত্যাগ করতে হয়।
ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।
ভিডিওতে দেখা যায়, পার্ক এলাকায় হাঁটার সময় কয়েকজন তাকে অনুসরণ করছেন। পরে দুই পক্ষের মধ্যে উত্তেজনা তৈরি হয় এবং একপর্যায়ে হাতাহাতির ঘটনাও ঘটে।
জুলাই আন্দোলনের একটি সেমিনারে অংশ নিতে লন্ডনে অবস্থান করছেন হাসনাত আবদুল্লাহ ও ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি সাদিক কায়েম।
ঘটনার পর এনসিপি ইউকে অ্যালায়েন্স এক বিবৃতিতে এ হামলাকে ‘কাপুরুষোচিত’ আখ্যা দিয়ে অভিযোগ করেছে, আওয়ামী লীগ এখনো ভীতি প্রদর্শন ও অসহিষ্ণুতার রাজনীতি থেকে বেরিয়ে আসতে পারেনি।
প্রবাসী রাজনৈতিক নেতারা বলছেন, যুক্তরাজ্যে বাংলাদেশি রাজনৈতিক দলগুলোর পাল্টাপাল্টি বিক্ষোভ নতুন নয়। তবে কোনো সংসদ সদস্যের রাজনৈতিক অনুষ্ঠান ঘিরে এমন উত্তেজনাকর পরিস্থিতি তুলনামূলকভাবে বিরল।
এসি//