আজ ২০০ ম্যাচ খেলার মাইলফলক স্পর্শ করতে যাচ্ছেন মেসি
ফুটবল বিশ্বকাপের লড়াইয়ে আলজেরিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে ফুটবলের ইতিহাসে অনন্য মাইলফলক স্পর্শ করতে যাচ্ছেন লিওনেল মেসি। এই ম্যাচের মধ্য দিয়ে আর্জেন্টিনার জার্সিতে ২০০তম ম্যাচ খেলার ঐতিহাসিক কীর্তি গড়বেন বিশ্ব ফুটবলের এ মহাতারকা।
দুই দশকেরও বেশি সময় ধরে আর্জেন্টিনার জার্সি গায়ে মাঠ দাপিয়ে বেড়ানো মেসির এ যাত্রা শুরু হয়েছিল ২০০৫ সালের ১৭ আগস্ট, হাঙ্গেরির বিপক্ষে এক প্রীতি ম্যাচে। যদিও বদলি খেলোয়াড় হিসেবে মাঠে নেমে মাত্র ২৫ মিনিট খেলার পর লাল কার্ড দেখে মাঠ ছাড়তে হয়েছিল তাকে।
আর্জেন্টিনার জার্সি গায়ে এখন পর্যন্ত খেলা ১৯৯টি ম্যাচে গোল করেছেন ১১৭টি ও ৬৪টি অ্যাসিস্ট।
এ দীর্ঘ পথচলায় তিনি জয়লাভ করেন ২০২২ সালের বিশ্বকাপ, দুইবার কোপা আমেরিকা শিরোপা এবং ফিনালিসিমা জয়ের মতো গৌরব।
তবে এই পথ মোটেও সহজ ছিল না। ফিফা বিশ্বকাপ ২০১৪ আসনের ফাইনালসহ ২০১৫ ও ২০১৬ সালে টানা দুইবার কোপা আমেরিকার ফাইনালে হারের বেদনা থেকে শুরু করে ২০২২ সালে বিশ্ব জয়ের আনন্দে ভেসে অমরত্বের চূড়ায় স্থান করে নেওয়া, সবই তার এই ১৯৯ ম্যাচের বর্ণিল ইতিহাসের অংশ।
বর্তমানে আন্তর্জাতিক ফুটবলে সর্বোচ্চ ম্যাচ খেলার তালিকায় পর্তুগিজ তারকা ক্রিশ্চিয়ানো রোনালদো ২২৮ ম্যাচ নিয়ে সবার উপরে অবস্থান করছেন। এ টুর্নামেন্টের পর মেসি, রোনালদো কিংবা লুকা মদ্রিচ- কারা আন্তর্জাতিক ক্যারিয়ারের ইতি টানবেন, তা নিয়ে গুঞ্জন থাকলেও মেসি নিজে এ ব্যাপারে এখনো কোনো ইঙ্গিত দেননি।
তবে বর্তমান সময়ের এই মহাতারকা তার বর্ণাঢ্য ক্যারিয়ারের আরেক নতুন অধ্যায় লিখতে প্রস্তুত, যা ফুটবলপ্রেমীদের হৃদয়ে চিরস্মরণীয় হয়ে থাকবে।
আর/আই