খেলাধুলা

ব্যারিস্টার জাইমা রহমানের ফুটবল নৈপুণ্য ভাইরাল

ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রী তারেক রহমানের কন্যা ব্যারিস্টার জাইমা রহমানের ফুটবল খেলার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে, যা নিয়ে নেটিজেনদের মধ্যে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। ভাইরাল হওয়া ওই ভিডিওতে তার চমৎকার বল নিয়ন্ত্রণ, দ্রুত পাসিং এবং শেষ মুহূর্তে বাঁ পায়ের শক্তিশালী শটে গোল করার দৃশ্য ফুটে উঠেছে।

ভিডিওতে দেখা যায়, ডি-বক্সের কাছাকাছি অবস্থানে থাকা এক নারী ফুটবলারের কাছ থেকে বল পেয়ে জাইমা রহমান দক্ষতার সঙ্গে তা নিয়ন্ত্রণ করেন। এরপর সতীর্থদের সঙ্গে দ্রুত পাস আদান-প্রদানের মাধ্যমে সামনে এগিয়ে গিয়ে গোলরক্ষককে পরাস্ত করে বাঁ পায়ের দুর্দান্ত শটে বল জালে জড়ান তিনি। তার এমন পারফরম্যান্সে দর্শক ও সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারীরা প্রশংসায় ভাসাচ্ছেন।

এর আগে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক জাইমা রহমানের খেলাধুলার প্রতি আগ্রহ এবং তার ফুটবল ক্যারিয়ার নিয়ে কিছু অজানা তথ্য প্রকাশ করেছিলেন। এরপর থেকেই তার ক্রীড়া-সংশ্লিষ্ট কর্মকাণ্ড নিয়ে জনমনে কৌতূহল বাড়ে।

অন্যদিকে, দেশের ক্রীড়া অবকাঠামো ও প্রশিক্ষণ ব্যবস্থা সম্পর্কে ধারণা নিতে তিনি সোমবার(১৫ জুন) সাভারের শিমুলিয়ায় অবস্থিত বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান (বিকেএসপি) পরিদর্শন করেন। সেখানে তিনি দিনব্যাপী বিভিন্ন ক্রীড়া সুবিধা ঘুরে দেখেন, প্রশিক্ষণ কার্যক্রম পর্যবেক্ষণ করেন এবং ক্রীড়াবিদদের প্রদর্শনী উপভোগ করেন।

এছাড়া ফুটবল বিশ্বকাপকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে তার একটি স্টোরিও আলোচনার জন্ম দেয়। বিশ্বকাপ শুরুর আগের দিন নিজের ফেসবুক স্টোরিতে ব্রাজিল জাতীয় ফুটবল দলের একটি পুরোনো ছবি শেয়ার করে তিনি লেখেন— “আপনারা কি রেডি?”

এরপর থেকেই অনেকেই ধারণা করছেন, তিনি ব্রাজিল ফুটবল দলের সমর্থক হতে পারেন। যদিও এ বিষয়ে তিনি সরাসরি কিছু জানাননি, তবে তার পোস্ট ঘিরে সমর্থক মহলে নানা আলোচনা তৈরি হয়।

ফুটবল বিশ্বকাপ শুরু হলে ব্রাজিল তাদের প্রথম ম্যাচে মরক্কোর বিপক্ষে ১–১ গোলে ড্র করে যাত্রা শুরু করে।

উল্লেখ্য, ব্যারিস্টার জাইমা রহমান বর্তমানে নারীর ক্ষমতায়ন, সাইবার নিরাপত্তা, পরিবেশ সংরক্ষণ এবং শিশু-কিশোরদের খেলাধুলায় অংশগ্রহণ বাড়ানোর মতো বিভিন্ন সামাজিক ইস্যুতে সক্রিয়ভাবে কাজ করছেন।

 

পি/ডি 

 

এ সম্পর্কিত আরও পড়ুন