বিশ্বকাপে মেসির প্রথম হ্যাটট্রিক
২০২৬ সালের বিশ্বকাপটা যেন নিজেকে অনন্য উচ্চতায় নিতেই আজ আলজেরিয়ার বিপক্ষে মাঠে নেমেছিলেন ফুটবল জাদুকর লিওনেল মেসি। অফসাইডে প্রথম গোল বাতিলের হতাশা ভুলে, নিজের ২০০তম আন্তর্জাতিক ম্যাচে দুর্দান্ত এক হ্যাটট্রিক করে নিজেকে রাজকীয়ভাবে রাঙালেন আর্জেন্টিনার এই মহাতারকা।
বুধবার (১৭ জুন) ম্যাচের ১৬ মিনিটেই বক্সের বাইরে থেকে নেওয়া দুর্দান্ত এক শটে আলবিসেলেস্তেদের লিড এনে দিয়েছিলেন মেসি। এরপর ম্যাচের পুরো নিয়ন্ত্রণ নিজের পায়ে নিয়ে নেন এই খুদে জাদুকর।
প্রথমার্ধের বিরতি পর মাঠে নেমেই আলজেরিয়ার রক্ষণভাগকে চূর্ণ-বিচূর্ণ করে নিজের দ্বিতীয় গোলটি উদযাপনে মাতেন তিনি।মেসির চেনা ড্রিবলিং আর নিখুঁত ফিনিশিংয়ের সামনে অসহায় আত্মসমর্পণ করে আলজেরিয়ার ডিফেন্ডাররা।
খেলার শেষ সময়ে প্রতিপক্ষের ডি-বক্সের ভেতর দারুণ এক চতুরতায় ডিফেন্ডারদের বোকা বানিয়ে বল জালে জড়ান মেসি। আর তাতেই পূর্ণ হয় তার আন্তর্জাতিক ক্যারিয়ারের আরেকটি অবিস্মরণীয় হ্যাটট্রিক।
আলজেরিয়া ম্যাচের শুরুতে অফসাইডের ফাঁদে ফেলে মেসিকে কিছুটা চাপে ফেলার চেষ্টা করলেও, শেষ পর্যন্ত এই মহাতারকার গোল বন্যা থামাতে পারেনি তারা।
মেসির এই অতিমানবীয় পারফরম্যান্সের উপর ভর করে ২০২৬ বিশ্বকাপে শুভসূচনা করলো ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আর্জেন্টিনা।
আর/আই