দেশজুড়ে

প্রধানমন্ত্রীকে একনজর দেখতে চা শ্রমিকদের উপচে পড়া ভিড়

ছবি: সংগৃহীত

মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয় মাঠে প্রধানমন্ত্রী তারেক রহমানকে একনজর দেখতে ভিড় জমিয়েছেন চা শ্রমিকরা। বুধবার (১৭ জুন) দুপুর ১টায় সেখানে প্রধানমন্ত্রীর ফ্যামিলি কার্ড বিতরণ কর্মসূচিতে অংশ নেওয়ার কথা রয়েছে।

এরই মধ্যে মাঠটি চা শ্রমিক, দলীয় নেতাকর্মী ও বিভিন্ন ক্ষুদ্র নৃগোষ্ঠীর উপস্থিতিতে কানায় কানায় পূর্ণ হয়ে গেছে। নির্ধারিত সময়ের অনেক আগেই সমাবেশস্থল জনসমুদ্রে পরিণত হয়।

‘চায়ের রাজধানী’ খ্যাত শ্রীমঙ্গলে তৃতীয় ধাপের ফ্যামিলি কার্ড বিতরণ কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই অনুষ্ঠানে ক্ষুদ্র নৃগোষ্ঠী ও অসুস্থ ব্যক্তিদের জন্য সহায়তা চেক বিতরণের কথাও রয়েছে। কর্মসূচিতে যোগ দিতে তিনি সিলেট থেকে সড়কপথে শ্রীমঙ্গলের উদ্দেশে রওনা হয়েছেন।

জানা গেছে, বিভিন্ন এলাকা থেকে আসা চা শ্রমিকদের পাশাপাশি ক্ষুদ্র নৃগোষ্ঠীর মানুষও নানান রঙের পোশাকে সমাবেশস্থলে উপস্থিত হয়েছেন। মাঠের একপাশে উপকারভোগীদের জন্য আলাদা আসনের ব্যবস্থা করা হয়েছে।

চা শ্রমিকরা জানান, প্রধানমন্ত্রীর আগমনের কারণে ওইদিন অনেক চা বাগান বন্ধ রাখা হয়েছে। তারা বাগানের যানবাহনে করে অনুষ্ঠানস্থলে এসেছেন শুধু একনজর প্রধানমন্ত্রীকে দেখার জন্য।

চা শ্রমিক পূর্ণিমা রেলি ও যাদব বলেন, চায়ের দেশে প্রধানমন্ত্রী এসেছেন—এ কারণেই তাকে কাছ থেকে দেখতে তারা সমবেত হয়েছেন। একই সঙ্গে তারা ভূমির অধিকার নিশ্চিত করার দাবিও জানান।

সফরসূচি অনুযায়ী, দুপুর ১টায় ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয় মাঠে উপস্থিত হয়ে প্রধানমন্ত্রী ফ্যামিলি কার্ড বিতরণ অনুষ্ঠানে অংশ নেবেন।

এদিকে প্রধানমন্ত্রীর এই সফরকে কেন্দ্র করে সিলেটজুড়ে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়েছে। তাকে স্বাগত জানাতে সড়কের দুই পাশে শৃঙ্খলাবদ্ধভাবে অবস্থান নিয়েছেন বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

 

এসি//

এ সম্পর্কিত আরও পড়ুন