ভ্রাম্যমাণ আদালত থেকে ছিনতাই হওয়া ৪ আসামী গ্রেপ্তার
পঞ্চগড়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে ভ্রাম্যমাণ আদালত থেকে ৪ আসামীকে হ্যান্ডকাফসহ ছিনিয়ে নেয়ার ঘটনা ঘটেছে। এ ঘটনার কিছু সময় পর আবার তাদের গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতরা হলেন জেলা শহরের রাজনগর এলাকার জয়নাল (৪২),শাহেন শাহ (৩৬), পুরাতন ক্যাম্প এলাকার হাসিবুর রহমান (২৫),দিপু ইসলাম (৩৭)। দিপু পঞ্চগড় পৌর যুবদলের সাবেক সদস্য সচিব ছিলেন।
বৃহস্পতিবার (১৮ জুন) রাতে এ ঘটনায় পঞ্চগড় সদর থানায় মামলা হয়েছে। মামলায় ৪ জনের নাম উল্লেখ করে ও অজ্ঞাতনামা ২০/২৫ জনকে আসামী করা হয়েছে। পঞ্চগড় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুল ইসলাম আজ (১৯ জুন) বিষয়টি নিশ্চিত করেছেন।
মামলার এজাহারে বলা হয়, বৃহস্পতিবার বিকেলে জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট নাহিদ হাসানের নেতৃত্বে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, পুলিশ ও ব্যাটালিয়ন আনসারসহ টাস্কফোর্স অভিযান চালানো হয়। এসময় জেলা শহরের হাজী মার্কেটের একটি পরিত্যক্ত দোকানে মাদক সেবনরত অবস্থায় ওই ৪ জনকে আটক করা হয়।
তাদের কাছে এক পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট, অর্ধেক পিস ইয়াবাসহ কিছু মাদকসেবনের সামগ্রী পাওয়া যায়। পরে তাদের শের-ই- বাংলা পার্কে নিয়ে এসে ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকালে আসামীদের গাড়িতে তোলা হলে ২০/২৫ জন লোক তাদের হ্যান্ডকাফসহ ছিনিয়ে নিয়ে যায়। এ সময় মাদকদ্রব্য অধিদপ্তরের গাড়ি ভাংচুরের ঘটনাও ঘটে। অভিযুক্তদের ইটের আঘাতে নিরাপত্তার দায়িত্বে থাকা সদস্যরা আহত হন।
পরে ছিনিয়ে নেয়া ৪ জনকে ট্রাফিক পুলিশ বক্সের কাছ থেকে আবারও গ্রেপ্তার করা হয়। এ সময় হ্যান্ডকাপ দুটি কাটা অবস্থায় পাওয়া যায়।
পঞ্চগড়ের পুলিশ সুপার আবু সাইম বলেন, আমরা পঞ্চগড়ের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে কাজ করে যাচ্ছি। বৃহস্পতিবারের ঘটনায় কাউকে ছাড় দেয়া হবে না। যারাই অপরাধের সাথে জড়িত তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
আই/এ