মিয়ানমারে পাচারের উদ্দেশ্যে মজুত রাখা ২৪ বস্তা সার উদ্ধার
কক্সবাজারের উখিয়ার সীমান্তবর্তী পালংখালী ইউনিয়নে মিয়ানমারে পাচারের উদ্দেশ্যে মজুত রাখা ২৪ বস্তা সার উদ্ধার করা হয়েছে। স্থানীয় বাসিন্দা ও শিক্ষার্থীদের সহযোগিতায় উদ্ধার হওয়া এসব সার পরে পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার (২০ জুন) রাতে পালংখালী ইউনিয়নের ভাদিতলি এলাকায় কয়েকজন স্কুলশিক্ষার্থী পরিত্যক্ত অবস্থায় রাখা ১০ বস্তা সার দেখতে পেয়ে বিষয়টি স্থানীয় বিএনপি নেতাদের অবহিত করেন। পরে তারা ঘটনাস্থলে গিয়ে সারগুলো জব্দ করে বালুখালী পুলিশ ফাঁড়ির মাধ্যমে পুলিশের কাছে হস্তান্তর করেন।
এর পরদিন রোববার সকালে ইউনিয়নের গয়ালমারা এলাকা থেকে আরও ১৪ বস্তা সার উদ্ধার করা হয়। স্থানীয়দের সহায়তায় উদ্ধার হওয়া এসব সারও আইনশৃঙ্খলা বাহিনীর কাছে জমা দেওয়া হয়েছে। দুই দফায় মোট ২৪ বস্তা সার উদ্ধার করা হয়।
পালংখালী ইউনিয়ন বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট রেজাউল করিম রেজা বলেন, সীমান্ত দিয়ে অবৈধভাবে সার পাচারের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়া হবে। কোনো রাজনৈতিক পরিচয়ের ভিত্তিতে কাউকে ছাড় দেওয়া হবে না।
ইউনিয়ন বিএনপির সদস্যসচিব নুরুল আমিন মেম্বার জানান, সার পাচার প্রতিরোধে এলাকায় নিয়মিত প্রচার-প্রচারণা ও জনসচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। এর ইতিবাচক প্রভাবেই শিক্ষার্থী ও সাধারণ মানুষ পাচারবিরোধী কর্মকাণ্ডে সক্রিয়ভাবে অংশ নিচ্ছেন।
স্থানীয়দের মতে, সীমান্ত এলাকায় প্রশাসনের নজরদারি বৃদ্ধি এবং জনসচেতনতা অব্যাহত থাকলে সারসহ বিভিন্ন পণ্যের চোরাচালান অনেকটাই নিয়ন্ত্রণে আনা সম্ভব হবে।
উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুজিবুর রহমান বলেন, স্থানীয়দের সহায়তায় উদ্ধার হওয়া ২৪ বস্তা সার জব্দ করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্তে কাজ চলছে এবং তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এমএ//