আন্তর্জাতিক

সুইজারল্যান্ডে যুক্তরাষ্ট্র ও ইরানের শান্তি আলোচনা শুরু

সুইজারল্যান্ডে কাতার ও পাকিস্তানের মধ্যস্থতায় যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে দ্বিপাক্ষিক আলোচনা শুরু হয়েছে। 

রোববার (২১ জুন) কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বরাতে আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, আলোচনায় মার্কিন প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। অন্যদিকে ইরানি প্রতিনিধি দলে রয়েছেন পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ ও পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি।

বৈঠকের আগে সুইজারল্যান্ডের পররাষ্ট্রমন্ত্রী ইগনাজিও ক্যাসিসের সঙ্গে বৈঠক করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে তিনি বৈঠকের একটি ছবিও প্রকাশ করেছেন।

ক্যাসিস বলেন, চ্যালেঞ্জিং পরিস্থিতিতেও সুইজারল্যান্ড ও ইরানের মধ্যে বিশ্বাসের সম্পর্ক গড়ে উঠেছে। এ সম্পর্ক মধ্যপ্রাচ্যে শান্তি, নিরাপত্তা এবং কূটনীতির সেবায় ভূমিকা রাখবে।

কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, চূড়ান্ত চুক্তির শর্তাবলি নিয়ে আলোচনার জন্য বিশেষ কারিগরি ও বিশেষজ্ঞ দল গঠন করা হয়েছে। তারা সমঝোতা স্মারকের সকল দিক খতিয়ে দেখবে।

বিবৃতিতে বলা হয়েছে, সমঝোতা স্মারকের বাস্তবায়ন তদারকি, অগ্রগতির ওপর নজর রাখা এবং চূড়ান্ত চুক্তিতে পৌঁছানোর লক্ষ্যে কাজ করার জন্য ‘ফলো-আপ’ গ্রুপ তৈরি করা হয়েছে।

মন্ত্রণালয় জানায়, দীর্ঘ ও টেকসই চুক্তিতে পৌঁছানোর লক্ষ্যে সব পক্ষের আন্তরিকতা রয়েছে। আলোচনা প্রক্রিয়াকে এগিয়ে নেওয়ার বিষয়ে আমরা অঙ্গীকারবদ্ধ।

উল্লেখ্য, গত বুধবার যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হওয়ার পর শুক্রবার সুইজারল্যান্ডে এই আলোচনা শুরু হওয়ার কথা ছিল। কিন্তু হিজবুল্লাহ ও ইসরায়েলের মধ্যে চলমান লড়াই এবং ইরান গতকাল পুনরায় ‘হরমুজ প্রণালি’ বন্ধ ঘোষণা করে। এ ঘটনার পর উদ্ভূত উত্তজনায় আলোচনাটি বিলম্বিত হয়।

আর/আই

এ সম্পর্কিত আরও পড়ুন