বিশ্ববাসীর উদ্দেশে আবেগঘন বার্তা দিয়ে যুক্তরাষ্ট্র ছাড়ল ইরান ফুটবল দল
২০২৬ ফিফা বিশ্বকাপের গ্রুপ পর্বে নিজেদের দ্বিতীয় ম্যাচ শেষ করে যুক্তরাষ্ট্র ছাড়ার আগে আবেগঘন এক বার্তা দিয়েছে ইরানের জাতীয় ফুটবল দল। ড্রেসিংরুমে হাতে লেখা একটি চিঠির মাধ্যমে তারা বিশ্বজুড়ে শান্তি, পারস্পরিক শ্রদ্ধা ও বন্ধুত্বের আহ্বান জানিয়েছে।
সোমবার (২২ জুন) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরার প্রতিবেদনে বলা হয়, লস অ্যাঞ্জেলেসের সোফাই স্টেডিয়ামে বেলজিয়ামের বিপক্ষে ম্যাচ শেষে ইরানি ফুটবলাররা এই বার্তা রেখে যান। পরে সেটির ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।
চিঠিতে তারা লেখে, ‘হাজার হাজার বছর আগের প্রাচীন পারস্য থেকে আজকের সভ্য ইরান পর্যন্ত, ইরানের চেতনা জীবন্ত ও অটল রয়েছে। ধন্যবাদ লস অ্যাঞ্জেলেস, আপনাদের আতিথেয়তার জন্য। আমরা লস অ্যাঞ্জেলেসে এসেছিলাম গর্ব নিয়ে, সম্মানের সঙ্গে লড়েছি এবং এখন মর্যাদা নিয়ে ছেড়ে যাচ্ছি।’

সমর্থকদের কৃতজ্ঞতা জানানোর পাশাপাশি বিশ্বের সকল দেশে শান্তি বজায় রাখার বার্তাও রয়েছে ইরানের চিঠিতে, ‘প্রত্যেক ইরানিয়ানকে ধন্যবাদ, যারা তাদের হৃদয়, আওয়াজ এবং প্রাণ দিয়ে ১৮০ মিনিট আমাদের সমর্থন দিয়েছে। প্রত্যেক দেশের মাঝে শান্তি, সম্মান এবং বন্ধুত্ব বজায় থাকুক।’
নীল কালিতে লেখা ওই চিঠিতে লাল কালিতে ‘৭৬৮’ এবং ‘মিনাব’ নামে দুটি শব্দ উল্লেখ করেছে ইরান। চলতি বছরের ২৮ ফেব্রুয়ারি মিনাবের একটি স্কুল যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় ১৬৮ জন শিশু প্রাণ হারিয়েছিল।
এদিকে সামাজিক যোগাযোগমাধ্যমে দেয়া এক পোস্টে ইরান দল তাদের সমর্থকদের প্রতি কৃতজ্ঞতা জানায়। বার্তায় বলা হয়, গেল দুই ম্যাচে যারা হৃদয়, কণ্ঠ ও ভালোবাসা দিয়ে দলের পাশে ছিলেন, তাদের প্রতি খেলোয়াড়দের আন্তরিক ধন্যবাদ। একই সঙ্গে বিশ্বের সব দেশের মানুষের মধ্যে শান্তি, সম্মান ও সৌহার্দ্য প্রতিষ্ঠার প্রত্যাশাও ব্যক্ত করা হয়।
বিশ্বকাপের চলমান আসরে এখন পর্যন্ত দুটি ম্যাচ খেলেছে ইরান। প্রথম ম্যাচে নিউজিল্যান্ডের সঙ্গে ২-২ গোলে ড্র করার পর দ্বিতীয় ম্যাচে বেলজিয়ামের বিপক্ষে গোলশূন্য সমতা নিয়ে মাঠ ছাড়ে দলটি।
গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে আগামী ২৭ জুন ইরানের মুখোমুখি হবে মিশর। সেই ম্যাচের ফলের ওপরই নির্ভর করবে ইরানের নকআউট পর্বে খেলার সম্ভাবনা।
এমএ//