আগামীকাল রাজধানীতে ১১ দলের সমাবেশ
জুলাই আন্দোলনে গণহত্যার বিচারের ধীরগতি, আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি, নেতাকর্মীদের ওপর হামলার অভিযোগে আগামীকাল ২৩ জুন রাজধানীতে বিক্ষোভ সমাবেশের ডাক দিয়েছে জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যে জোট। বিকেল ৫টায় রাজধানীর বিজয়নগরে এই সমাবেশ অনুষ্ঠিত হবে।
সোমবার (২২ জুন) রাজধানীর মগবাজারে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে দলটির সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ এ কর্মসূচি ঘোষণা করেন। এর আগে সকাল ১০টায় জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে ১১ দলীয় ঐক্যের লিয়াজোঁ কমিটির বৈঠক হয়।
হামিদুর রহমান আযাদ বলেন, বিচারহীনতার সংস্কৃতি এখনো চলমান। ফ্যাসিবাদকে ফিরিয়ে আনার অপচেষ্টা চলছে। জুলাই গণহত্যার বিচার এখনো হয়নি, এই বিচার প্রক্রিয়া ধীরগতি করে রাখা হয়েছে। বিচার প্রক্রিয়ায় শিথিলতার কারণে ফ্যাসিবাদের উত্থানের পদধ্বনি শোনা যাচ্ছে।
তিনি বলেন, কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের কর্মসূচি রুখে দেওয়ার দায়িত্ব সরকারের। ফ্যাসিবাদের উত্থান সরকার না ঠেকাতে পারলে ১১ দল দেশবাসীকে সঙ্গে নিয়ে তা রুখে দেবে। বিভিন্ন জায়গায় উত্তেজনা তৈরি হচ্ছে, হামলার ঘটনা ঘটছে। বিভিন্ন অন্যায়ের বিরুদ্ধে ১১ দল দাঁড়ালে তাদের ওপর সরকারি দলের লোকজন হামলা চালাচ্ছে। আগামীকাল সমাবেশ থেকে হামলা, খুনের বিচার দাবি জানাবে ১১ দল।
তিনি আরও বলেন, ক্ষমতা টিকিয়ে রাখতে সার্বভৌমত্ব বিকিয়ে দেয়ার অতীত প্রবণতা লক্ষ করা যাচ্ছে বিএনপির মধ্যে। বিএনপির মধ্যে ফ্যাসিবাদ ফিরে আসার প্রবণতা লক্ষ করা যাচ্ছে। সরকার যদি নিজেদের শুধরে না নেয় চলমান আন্দোলন আরও বেগবান করার হুঁশিয়ারি দেন এ জামায়াত নেতা।
আই/এ