জাতীয়

‘আমার বন্ধু মহাজাদু জানে’ গানে তারেক রহমানের ভিডিও প্রকাশ মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর

বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের মালয়েশিয়া সফরের বিভিন্ন গুরুত্বপূর্ণ মুহূর্ত নিয়ে একটি বিশেষ ভিডিও প্রকাশ করেছে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর কার্যালয়। ভিডিওটির পটভূমিতে ব্যবহার করা হয়েছে হাবিব ওয়াহিদ ও মেহরনিগরি রুস্তামের জনপ্রিয় বাংলা গান ‘আমার বন্ধু মহাজাদু জানে’।

মঙ্গলবার (২৩ জুন) সকালে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম তার ভেরিফায়েড ফেসবুক পেজে ভিডিওটি প্রকাশ করেন।

প্রকাশিত পোস্টে তিনি জানান, সফরকালে দুই দেশের মধ্যে বাণিজ্য, বিনিয়োগ, জ্বালানি, কৃত্রিম বুদ্ধিমত্তা, ডিজিটাল অর্থনীতি, শিক্ষা, মানবসম্পদ উন্নয়ন, কৃষি, হালাল শিল্প এবং শ্রমবাজারসহ বিভিন্ন বিষয়ে সহযোগিতা বাড়ানোর বিষয়ে আলোচনা হয়েছে।

প্রায় ২ মিনিট ৪০ সেকেন্ড দৈর্ঘ্যের ভিডিওতে দুই দেশের সরকারপ্রধানের বৈঠক, আনুষ্ঠানিক মধ্যাহ্নভোজ, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং অন্যান্য গুরুত্বপূর্ণ কার্যক্রমের দৃশ্য তুলে ধরা হয়েছে। পুরো ভিডিওজুড়ে ‘আমার বন্ধু মহাজাদু জানে’ গানটি ব্যবহার করা হয়েছে, যা সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আগ্রহের সৃষ্টি করেছে।

ভিডিওর একটি অংশে রোহিঙ্গা সংকট নিয়েও বক্তব্য দিতে দেখা যায় আনোয়ার ইব্রাহিমকে। সেখানে তিনি বলেন, বাংলাদেশ ও মালয়েশিয়ায় অবস্থানরত রোহিঙ্গাদের সংকট মোকাবিলায় যৌথ উদ্যোগ নেওয়া হবে। পাশাপাশি আসিয়ান এবং দুই দেশের কূটনৈতিক চ্যানেলের মাধ্যমে মিয়ানমার কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা অব্যাহত থাকবে।

বাংলাদেশকে দক্ষিণ এশিয়ার একটি গুরুত্বপূর্ণ অংশীদার হিসেবে উল্লেখ করে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী বলেন, দুই দেশের অর্থনৈতিক অগ্রগতি ও জনগণের কল্যাণে সহযোগিতার আরও অনেক সুযোগ রয়েছে। তিনি আশা প্রকাশ করেন, সাম্প্রতিক সমঝোতা ও চুক্তিগুলো দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও শক্তিশালী করবে এবং ভবিষ্যতে নতুন সহযোগিতার ক্ষেত্র তৈরি করবে।

 

এমএ//

এ সম্পর্কিত আরও পড়ুন