হত্যাচেষ্টা মামলায় আবারও গ্রেপ্তার দেখানো হলো মমতাজকে
জুলাই আন্দোলনের সময় রাজধানীর মিরপুরে মো. মুক্তার হোসেন নামে এক ব্যক্তিকে হত্যাচেষ্টার ঘটনায় দায়ের করা মামলায় সাবেক সংসদ সদস্য ও সংগীতশিল্পী মমতাজ বেগমকে আবারও গ্রেপ্তার দেখানোর নির্দেশ দিয়েছেন আদালত।
বুধবার (২৪ জুন) পুলিশের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুল ইসলামের আদালত এ আদেশ দেন।
আদালত সূত্রে জানা যায়, মামলার তদন্ত কর্মকর্তা মিরপুর মডেল থানার উপপরিদর্শক (এসআই) মো. আজিজুল হক মমতাজকে আদালতে হাজির করে তাকে মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন করেন। শুনানিতে রাষ্ট্রপক্ষের আইনজীবী আবেদন সমর্থন করলেও আসামিপক্ষের আইনজীবীরা এর বিরোধিতা করেন।
পুলিশ সূত্রে জানা গেছে, তদন্তে মামলার ঘটনার সঙ্গে মমতাজ বেগমের সম্পৃক্ততার বিষয়ে কিছু সাক্ষ্য-প্রমাণ পাওয়া গেছে। তদন্তের স্বার্থে তাকে গ্রেপ্তার দেখানো প্রয়োজন বলে আবেদনে উল্লেখ করা হয়। পাশাপাশি পরবর্তীতে জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ড আবেদন করা হতে পারে বলেও জানানো হয়।
মামলার এজাহার অনুযায়ী, ২০২৪ সালের ৪ আগস্ট ছাত্র-জনতার আন্দোলনের সময় মো. মুক্তার হোসেন মিরপুরের সুইমিংপুল ও ফায়ার সার্ভিস সড়ক এলাকায় আন্দোলনে অংশ নেন। অভিযোগ রয়েছে, ওই সময় আন্দোলন দমনে পুলিশ ও আওয়ামী লীগের নেতাকর্মীরা হামলা ও গুলিবর্ষণ করে। এতে পুলিশের ছোড়া রাবার বুলেটে আহত হন মুক্তার হোসেন। পরে তিনি কুর্মিটোলা হাসপাতালে চিকিৎসা নেন। এ ঘটনায় দায়ের হওয়া হত্যাচেষ্টা মামলায় মমতাজকে সন্দেহভাজন আসামি হিসেবে গ্রেপ্তার দেখানো হয়েছে।
এর আগে, ২০২৫ সালের ১২ মে রাতে রাজধানীর ধানমন্ডির একটি বাসা থেকে মমতাজ বেগমকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। পরদিন আদালত তার চার দিনের রিমান্ড মঞ্জুর করেন। এরপর থেকে তিনি কারাগারেই আছেন।
উল্লেখ্য, মমতাজ বেগম ২০০৯ সালে আওয়ামী লীগের মনোনয়নে সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য নির্বাচিত হন। পরে ২০১৪ ও ২০১৮ সালে মানিকগঞ্জ-২ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হলেও ২০২৪ সালের জাতীয় সংসদ নির্বাচনে তিনি পরাজিত হন।
পি/ডি