দেশজুড়ে

পরকীয়ার জেরে চিকিৎসক হত্যা, দুজনের যাবজ্জীবন

সিরাজগঞ্জের বহুল আলোচিত চিকিৎসক ডা. বাকি মির্জা হত্যা মামলার রায় অবশেষে ঘোষণা হয়েছে। ঘটনার প্রায় ১৫ বছর পর আদালত দুই আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন। একই সঙ্গে তাদের প্রত্যেকের বিরুদ্ধে এক লাখ টাকা অর্থদণ্ড এবং অনাদায়ে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে।

বুধবার (২৪ জুন) দুপুরে সিরাজগঞ্জের অতিরিক্ত দায়রা জজ-১ আদালতের বিচারক লায়লা শারমিন এ রায় ঘোষণা করেন।

যাবজ্জীবন দণ্ডপ্রাপ্তরা হলেন শহরের জানপুর এলাকার বাসিন্দা জাকারিয়া মাসুদ এবং সদর উপজেলার খাগা গ্রামের আনোয়ার হোসেন কিরণ। রায় ঘোষণার সময় কিরণ আদালতে উপস্থিত থাকলেও জাকারিয়া মাসুদ পলাতক ছিলেন।

রাষ্ট্রপক্ষের আইনজীবী শামসুজ্জোহা শাহানশাহ জানান, মামলার আরেক আসামি ডা. আবদুল লতিফ উচ্চ আদালতে রিভিশন আবেদন করায় তার বিরুদ্ধে বিচার কার্যক্রম আপাতত স্থগিত রয়েছে। ওই আবেদনের নিষ্পত্তির পর পরবর্তী আইনি কার্যক্রম শুরু হবে।

আদালত সূত্রে জানা যায়, ২০১১ সালের ১৬ এপ্রিল রাতে সিরাজগঞ্জ সদর হাসপাতালের চিকিৎসক ডা. বাকি মির্জাকে তার সরকারি বাসভবনে হাত পা বেঁধে জবাই করে হত্যা করা হয়। পরদিন ঘটনাটি জানাজানি হলে জেলাজুড়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়।  হত্যাকাণ্ডের রহস্য উদঘাটনে আইনশৃঙ্খলা বাহিনীর একাধিক সংস্থা কাজ শুরু করে। মামলার চার্জশিটে ডা. বাকি মির্জার সঙ্গে আসামি রুহুল আমিন বাবুর স্ত্রী এশার পরকীয়া সম্পর্কই খুনের মূল কারণ হিসেবে উল্লেখ করা হয়।

তদন্ত শেষে পুলিশ চারজনকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দাখিল করে। বিচার চলাকালে আসামিদের একজন রুহুল আমিন বাবুর মৃত্যু হওয়ায় তার বিরুদ্ধে মামলা কার্যক্রম বন্ধ হয়ে যায়।

দীর্ঘ শুনানি, সাক্ষ্যগ্রহণ ও আইনি প্রক্রিয়া শেষে বুধবার আলোচিত এ মামলার রায় ঘোষণা করা হলো।

আই/এ

এ সম্পর্কিত আরও পড়ুন