আন্তর্জাতিক

জোড়া ভূমিকম্পে বিপর্যস্ত ভেনেজুয়েলা, ঐক্যের আহ্বান রদ্রিগেজের

“জাতীয় ঐক্যের মাধ্যমে জীবন বাঁচানোই এখন আমাদের প্রধান লক্ষ্য। আমরা একসঙ্গে এই বিপর্যয় কাটিয়ে উঠব”—ভয়াবহ ভূমিকম্পের পর এমন বার্তা দিয়েছেন ভেনেজুয়েলার ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি দেলসি রদ্রিগেজ।

দেশটির বিভিন্ন এলাকায় শক্তিশালী দুটি ভূমিকম্প আঘাত হানার পর জরুরি অবস্থা ঘোষণা করেছেন তিনি। একই সঙ্গে ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে উদ্ধার তৎপরতা জোরদার করার নির্দেশ দিয়েছেন।

স্থানীয় সময় বুধবার (২৪ জুন) সন্ধ্যায় এক মিনিটেরও কম সময়ের ব্যবধানে ভেনেজুয়েলায় পরপর দুটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। এতে রাজধানী কারাকাসসহ আশপাশের এলাকায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। বেশ কয়েকটি ভবন ধসে পড়েছে এবং এখন পর্যন্ত অন্তত ৩২ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে।

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস জানিয়েছে, প্রথম ভূমিকম্পটির মাত্রা ছিল ৭ দশমিক ২। এর উৎপত্তিস্থল ছিল কারাকাস থেকে প্রায় ১৬৮ কিলোমিটার পশ্চিমে মোরোন এলাকার কাছে।

এর ঠিক এক মিনিট পর একই অঞ্চলের কাছাকাছি আঘাত হানে আরও শক্তিশালী দ্বিতীয় ভূমিকম্প। ইউএসজিএসের তথ্য অনুযায়ী, দ্বিতীয় কম্পনের মাত্রা ছিল ৭ দশমিক ৫।

ভূমিকম্পের সবচেয়ে বড় ধাক্কা লাগে লা গুয়াইরা রাজ্যে। রদ্রিগেজ জানান, সেখানে কয়েক ডজন ভবন ধসে পড়েছে এবং উদ্ধারকারীরা অত্যন্ত কঠিন পরিস্থিতির মধ্যে কাজ করছেন।

তিনি বলেন, এখন পর্যন্ত ৩২ জনের মৃত্যুর তথ্য পাওয়া গেছে। তবে লা গুয়াইরা রাজ্যসহ বিভিন্ন এলাকা থেকে আরও হতাহতের তথ্য আসতে পারে। সরকারি হাসপাতাল ও বেসরকারি স্বাস্থ্যকেন্দ্রে অন্তত ৭০০ আহত মানুষকে চিকিৎসার জন্য নেওয়া হয়েছে।

প্রবল কম্পনে রাজধানী কারাকাসে আতঙ্ক ছড়িয়ে পড়ে। ক্ষয়ক্ষতির কারণে কারাকাসের সিমন বলিভার আন্তর্জাতিক বিমানবন্দর বন্ধ করে দেওয়া হয়েছে।

এক বার্তায় ভেনেজুয়েলার ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি বলেন, যারা স্বজন হারিয়েছেন তাদের পরিবারের প্রতি সরকার সংহতি জানাচ্ছে। একই সঙ্গে তিনি সবাইকে ধৈর্য ধরে পরিস্থিতি মোকাবিলার আহ্বান জানান।

এদিকে ইউএসজিএস সতর্ক করেছে, এই ভূমিকম্পের কারণে ব্যাপক প্রাণহানি ও বড় ধরনের ক্ষয়ক্ষতির সম্ভাবনা রয়েছে। বিশেষজ্ঞদের আশঙ্কা, মৃতের সংখ্যা আরও বাড়তে পারে।

বর্তমানে ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে উদ্ধার ও তল্লাশি অভিযান চলছে। সম্ভাব্য আফটারশকের আশঙ্কায় বাসিন্দাদের সতর্ক থাকার নির্দেশ দিয়েছে কর্তৃপক্ষ।

 

সূত্র: বিবিসি, আল জাজিরা

 

এসি//

এ সম্পর্কিত আরও পড়ুন