ফরিদপুরে হাত-পা কাটা যুবকের মরদেহ উদ্ধার
ফরিদপুরের সালথা উপজেলার কুমারকান্দা গ্রামের একটি সড়ক থেকে এক যুবকের হাত-পা কাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত যুবকের নাম পান্নু ফকির ওরফে জামু ফকির (৪২)। তিনি সালথা উপজেলার যদুনন্দী ইউনিয়নের কুমারকান্দা গ্রামের রহমান ফকিরের ছেলে।
বৃহস্পতিবার (২৫ জুন) সকালে সালথা উপজেলার যদুনন্দী মৌজার সড়ক থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
ফরিদপুরের সহকারী পুলিশ সুপার (নগরকান্দা-সালথা সার্কেল) আল ফাহাদ বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার (২৪ জুন) রাতে একটি জমিজমাসংক্রান্ত সালিসে অংশ নিয়েছিলেন পান্নু ফকির। সালিস শেষে সালথা থেকে বাড়ি ফেরার পথে দুর্বৃত্তরা তার হাত-পা কেটে হত্যা করে। পরে হত্যাকারীরা মরদেহটি যদুনন্দী মৌজার একটি সড়কে ফেলে রেখে যায়।
পুলিশ জানায়, জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে এ হত্যাকাণ্ড ঘটতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। মরদেহের শরীরে গুরুতর আঘাতের চিহ্ন রয়েছে। মরদেহটি ময়নাতদন্তের জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়ছে।
পুলিশ আরও জানায়, বিষয়টি গুরুত্বের সাথে তদন্ত করা হচ্ছে। তদন্ত শেষে হত্যার প্রকৃত কারণ জানা যাবে এবং জড়িতদের আইনের আওতায় আনা হবে।
পি/ডি