দেশজুড়ে

নিখোঁজের তিন দিন পর মিলল মাইক্রোবাসচালকের লাশ

ছবি: সংগৃহীত

নরসিংদীর পলাশ উপজেলায় নিখোঁজ হওয়ার তিন দিন পর ইব্রাহিম খান (২৭) নামে এক মাইক্রোবাসচালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত ইব্রাহিম খান পাঁচদোনা এলাকার নেহাব গ্রামের বাসিন্দা এবং শহিদ খানের ছেলে।

বৃহস্পতিবার (২৫ জুন) দুপুরে পাঁচদোনা-ঘোড়াশাল সড়কের ভাগদী এলাকার একটি কালভার্টের নিচ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। ঘোড়াশাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ মিজানুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। 

পারিবারিক সূত্রে জানা যায়, তিন দিন আগে রাতের দিকে একটি ফোনকল পাওয়ার পর বাড়ি থেকে বের হয়ে যান ইব্রাহিম। এরপর থেকে তার সাথে পরিবারের কোনো যোগাযোগ হয়নি। দীর্ঘ সময় খোঁজাখুঁজির পর সন্ধান না পেয়ে পরিবারের পক্ষ থেকে পলাশ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়।        

আজ দুপুরে ইব্রাহিমের স্বজনরা ভাগদী সড়ক দিয়ে যাওয়ার সময় দুর্গন্ধ টের পেয়ে আশপাশে খোঁজ শুরু করেন। একপর্যায়ে সড়কের পাশের একটি কালভার্টের নিচে তারা একটি মরদেহ দেখতে পান। পরে সেটি ইব্রাহিমের বলে শনাক্ত করা হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়।     

পুলিশ জানায়, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, হত্যার পর মরদেহ গোপন করার উদ্দেশ্যে দুর্বৃত্তরা সেটি কালভার্টের নিচে ফেলে রেখে যায়। ঘটনার রহস্য উদঘাটন এবং জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনতে পুলিশ কাজ করছে।

 

পি/ডি

এ সম্পর্কিত আরও পড়ুন