দেশজুড়ে

ঝিনাইদহে মুকুল হত্যা মামলায় তিনজনের যাবজ্জীবন

ছবি: সংগৃহীত

ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলার গোপীনাথপুর গ্রামের যুবক মুকুল মালিক হত্যা মামলায় তিন আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাদের প্রত্যেককে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জরিমানার অর্থ পরিশোধে ব্যর্থ হলে আরও এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে। তবে অভিযোগ প্রমাণিত না হওয়ায় মামলার দুই আসামিকে খালাস দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (২৫ জুন) ঝিনাইদহের অতিরিক্ত দায়রা জজ দ্বিতীয় আদালতের বিচারক গৌতম কুমার ঘোষ এ রায় ঘোষণা করেন।

সাজাপ্রাপ্তরা হলেন, গোপীনাথপুর গ্রামের মৃত ছহিরুদ্দিনের মেয়ে ও মুকুল মালিকের স্ত্রী ফিরোজা খাতুন, একই গ্রামের বিল্লাল হোসেন এবং পলাতক আসামি আলমগীর হোসেন। অন্যদিকে, অভিযোগের সত্যতা প্রমাণিত না হওয়ায় ফারুক হোসেন ও মাসুদ রানাকে বেকসুর খালাস দেওয়া হয়েছে।    

মামলার নথি অনুযায়ী, ২০১৭ সালের ৩ আগস্ট রাতে পারিবারিক বিরোধের জেরে স্ত্রী ফিরোজা খাতুনের সঙ্গে মুকুল মালিকের কথা কাটাকাটি হয়। ওই রাতেই বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হন মুকুল। দীর্ঘ ১০ দিন পর ১৩ আগস্ট গোপীনাথপুর গ্রামের বাঘমারা মাঠের একটি ধানক্ষেত থেকে মাটিচাপা অবস্থায় তার মরদেহ উদ্ধার করে পুলিশ।

ঘটনার পর নিহতের বাবা আব্দুর রশিদ বিশ্বাস হরিণাকুণ্ডু থানায় হত্যা মামলা দায়ের করেন। দীর্ঘ তদন্ত, সাক্ষ্যগ্রহণ ও প্রমাণ পর্যালোচনা শেষে আদালত তিন আসামির বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় তাদের যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দেন।

রায়ের প্রতিক্রিয়ায় নিহতের বাবা আব্দুর রশিদ বিশ্বাস জানান, তিনি এই রায়ে সন্তুষ্ট নন এবং উচ্চ আদালতে আপিল করবেন। তার দাবি, ছেলের হত্যাকারীদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা হোক।

    

পি/ডি 

এ সম্পর্কিত আরও পড়ুন