আন্তর্জাতিক

ভেনেজুয়েলায় ভয়াবহ জোড়া ভূমিকম্পে নিহত বেড়ে ৯২০

ভয়াবহ জোড়া ভূমিকম্পে বিপর্যস্ত ভেনেজুয়েলায় নিহতের সংখ্যা বেড়ে ৯২০ জনে পৌঁছেছে। দেশটির শত বছরেরও বেশি সময়ের ইতিহাসে এটিকে সবচেয়ে ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগগুলোর একটি হিসেবে দেখা হচ্ছে। শক্তিশালী কম্পনে অসংখ্য বহুতল ভবন ধসে পড়েছে, পরিণত হয়েছে ধ্বংসস্তূপে।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, ধসে যাওয়া ভবনের নিচে এখনো অনেক মানুষ আটকা পড়ে আছেন। তবে উদ্ধার অভিযান ধীরগতিতে এগোনোয় ক্ষতিগ্রস্ত এলাকাগুলোর বাসিন্দাদের মধ্যে ক্ষোভ ও অসন্তোষ বাড়ছে।

ভেনেজুয়েলার ন্যাশনাল অ্যাসেম্বলির প্রেসিডেন্ট হোর্হে রদ্রিগেজ শুক্রবার (২৬ জুন) এক বিবৃতিতে জানান, সরকারি হিসাবে ভূমিকম্পে প্রাণহানির সংখ্যা বেড়ে ৯২০ জন হয়েছে। তিনি দেশটির ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজের ভাই।

এর আগে ডেলসি রদ্রিগেজ জানিয়েছিলেন, ভয়াবহ এই দুর্যোগে অন্তত তিন হাজার মানুষ গুরুতর আহত হয়েছেন। শুক্রবার সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত লা গুয়াইরা রাজ্য পরিদর্শনের সময় তিনি জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে সহায়তার জন্য বিদেশি উদ্ধারকারী দলগুলো ভেনেজুয়েলায় পৌঁছাতে শুরু করেছে।

আন্তর্জাতিক উদ্ধারকারী দল মাঠে কাজ শুরু করলেও ধ্বংসস্তূপের ব্যাপকতা এবং বিপর্যয়ের মাত্রা বিবেচনায় হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা।

জানা গেছে, গত বুধবার (২৪ জুন) রাতে মাত্র এক মিনিটের ব্যবধানে দেশটিতে রিখটার স্কেলে ৭ দশমিক ২ ও ৭ দশমিক ৫ মাত্রার দুটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে।

ভূকম্পন বিশেষজ্ঞদের মতে, দ্বিতীয় কম্পনটি ১৯০০ সালের পর ভেনেজুয়েলায় আঘাত হানা সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প।

ভূতাত্ত্বিকদের প্রাথমিক বিশ্লেষণে বলা হচ্ছে, দেশটির দীর্ঘ উপকূলীয় অঞ্চলে বিস্তৃত সান সেবাস্তিয়ান চ্যুতিরেখায় বড় ধরনের ভাঙনের কারণে এই ভূমিকম্পের সৃষ্টি হতে পারে। যুক্তরাজ্যের অ্যাবারডিন বিশ্ববিদ্যালয়ের ভূ-পদার্থবিদ্যার শিক্ষক ড. অ্যামি গিলিগান জানান, এত বড় মাত্রার ভূমিকম্প সাধারণত ১০০ থেকে ২০০ কিলোমিটার দীর্ঘ চ্যুতিরেখায় বড় ধরনের পরিবর্তন ঘটাতে পারে।

এদিকে উদ্ধার ও মানবিক সহায়তা কার্যক্রম জোরদার করতে ইউরোপীয় ইউনিয়নের বেসামরিক সুরক্ষা ব্যবস্থার আওতায় স্পেন, ইতালি, ফ্রান্স, জার্মানি, পর্তুগাল, নেদারল্যান্ডস, লুক্সেমবার্গ ও চেকিয়া থেকে বিশেষায়িত উদ্ধারকারী দল এবং ত্রাণ সহায়তা পাঠানো হয়েছে।

এ ছাড়া সুইজারল্যান্ড, মেক্সিকো ও এল সালভাদর থেকেও দক্ষ উদ্ধারকারী দল ভেনেজুয়েলায় পৌঁছে স্থানীয় প্রশাসনের সঙ্গে ধ্বংসস্তূপে অনুসন্ধান ও উদ্ধার অভিযানে অংশ নিয়েছে।

 

এসি//

এ সম্পর্কিত আরও পড়ুন