যমুনায় তীব্র ভাঙন, নদীতে বিলীন হওয়ার পথে সরকারি স্কুল
উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও ভারি বর্ষনে সিরাজগঞ্জে যমুনা নদীর পানি বেড়েই চলেছে। পানি বাড়ার কারনে তীব্র আকার ধারন করেছে নদী ভাঙন। নদী গর্ভে বিলীনের পথে সদর উপজেলার কাওয়াকোলা ইউনিয়নের বর্নি সরকারী প্রাথমিক বিদ্যালয়। যে কোন সময় স্কুলের পুরো অংশ নদী গর্ভে বিলীন হয়ে যাবে। হুমকীর মুখে সদর উপজেলার বেশ কিছু ইউনিয়ন। তবে ভাঙনের জন্য অবৈধ বালু উত্তোলনকে দায়ি করছে স্থানীয়রা।
রোববার (২৮ জুন) সিরাজগঞ্জ পানি উন্নয়ন বোর্ড উপ বিভাগীয় প্রকৌশলী জাকির হোসেন বিষয়টি নিশ্চিত করছেন।
তিনি জানান, নদীতে পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। গত ২৪ ঘন্টায় যমুনা নদীর পানি সিরাজগঞ্জ শহর রক্ষা বাঁধ হার্ড পয়েন্টে এলাকায় ৩ সেন্টিমিটার ও কাজীপুর মেঘাইঘাট পয়েন্টে ৬ সেন্টিমিটার পানি বেড়েছে। তবে পানি বাড়লেও সিরাজগঞ্জ পয়েন্টে বিপদসীমার ১৪৮ সেন্টিমিটার ও কাজীপুর পয়েন্টে বিপদ সীমার ১৯৩ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। কিছু কিছু জায়গায় ভাঙন দেখা দিয়েছে।
স্থানীয়রা জানিয়েছেন, ১৭ এপ্রিল রাতে কাজীপুর উপজেলার পলাশপুর ঘাট এলাকায় নদীর তীর সংরক্ষণ এলাকায় দুটি স্থানে বেশ কিছু অংশ যমুনায় বিলীন হয়ে যায়। গত ৮ জুন চৌহালী উপজেলার চর বিনানই ঘাট এলাকার প্রায় ১৫০ মিটার এলাকা নদীগর্ভে ধসে পড়ে। গত ২০ জুন দুপুরে সদর উপজেলার রতনকান্দি ইউনিয়নের বাহুকা গ্রামে নদীর ডান তীর রক্ষা বাঁধের ৩০ মিটার এলাকা নদীগর্ভে বিলীন হয়ে যায়। আকস্মিক এই ভাঙনের তীব্রতায় নদী পাড়ের মানুষের মাঝে আতঙ্ক ও শঙ্কা ছড়িয়ে পড়েছে।
সদর উপজেলার ভাটপিয়ারি গ্রামের আব্দুস ছালাম বলেন, ভাঙনের জন্য দায়ি অবৈধ ভাবে বালু উত্তোলনকারীরা। সারা বছরই নদী থেকে বালু উত্তোলন করা হয়। ইজারা নেওয়া আছে এক জায়গায় আর বাল তোলা সারা নদী থেকে। যখন যেখানে খুশি ড্রেজার দিয়ে বালু তুলছে। কেউ দেখার নাই। এখন বর্ষা মৌসুম নদীতো ভাঙবেই। শুস্ক মৌসমে ভেঙেছে আর এখন তো বর্ষা মৌসুম। নদীর মাঝখানে চর পড়ছিল। কিন্তু বালু উঠানোর কারনে পুরা চর নদীর মধ্যে গেছে। এই চরে আমি কুশাল, গম, কালাই সহ বিভিন্ন ধরনের আবাদ করতাম। এখন আমার কিছুই নাই। পথের ফকির বলা চলে।
এদিকে সদর উপজেলার কাওয়াকোলা ইউনিয়নের বড় কয়ড়া, বর্নি ও কৈগাড়ি জড়তা, সদর উপজলোর রতনকান্দি ইউনিয়নের বাহুকা, চৌহালী উপজেলার চর বিনানই, কাজীপুর উপজেলার পলাশপুর ঘাট এলাকায় নদী ভাঙন দেখা দিয়েছে। বিশেষ করে সদর উপজেলার কাওয়াকোলা ও চৌহালীতে নদী ভাঙন তীব্র আকার ধারন করেছে। এতে নদী পাড়ের মানুষের মধ্যে বাঁধ ভাঙা আতঙ্ক বিরাজ করছে। হুমকির মুখে পড়েছে ফসলি জমি, গাছপালা ও বসত ভিটা।
কাওয়াকোলা ইউনিয়ন পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুর রাজ্জাক ভূইয়া বলেন, আমার ইউনিয়নের বড় কয়ড়া, বর্নি ও কৈগাড়ি জড়তা গ্রামে নদী ভাঙন তীব্র আকার ধারন করেছে। বর্নি সরকারী প্রাথমিক বিদ্যালয় যে কোন সময় পুরো অংশ নদী গর্ভে বিলীন হয়ে যাবে। দুর্যোগ আশ্রায়ন প্রকল্পের ঘরে (মুজিব কিল্লা) অস্থায়ী ভাবে ছাত্র-ছাত্রীদের ক্লাসের ব্যবস্থা করা হয়েছে। ভাঙনের কারনে এলাকাবাসীর মধ্যে আতংক দেখা দিয়েছে। বসতবাড়ি, ফসলী জমি, ব্যবসা প্রতিষ্ঠান সব নদীতে চলে যাচ্ছে।
এদিকে ভাঙন ঠেকাতে জেলা পানি উন্নয়ন বোর্ড জিও ব্যাগ ভর্তি বালুর বস্তা ফেলে কাজ করছে।
আই/এ