মুস্তাফা মনোয়ারের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক
একুশে পদকপ্রাপ্ত বরেণ্য চিত্রশিল্পী ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব মুস্তাফা মনোয়ারের মৃত্যুতে গভীর শোক জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
সোমবার (২৯ জুন) দেওয়া এক শোকবার্তায় প্রধানমন্ত্রী বলেন, মুস্তাফা মনোয়ারের প্রয়াণ দেশের শিল্প ও সংস্কৃতি অঙ্গনে অপূরণীয় ক্ষতি। তার মতো গুণী মানুষের শূন্যতা সহজে পূরণ হওয়ার নয়।
তিনি বলেন, দেশের শিল্প-সংস্কৃতিতে মুস্তাফা মনোয়ারের অবদান জাতি শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে। তার সৃষ্টিশীল কর্ম ও আদর্শ ভবিষ্যৎ প্রজন্মকে পথ দেখাবে।
শোকবার্তায় প্রধানমন্ত্রী মরহুমের আত্মার শান্তি কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
এর আগে সোমবার সকালে রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান মুস্তাফা মনোয়ার। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯০ বছর।
চিত্রকলা, পাপেটশিল্প, শিশুতোষ অনুষ্ঠান নির্মাণ ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে অনন্য অবদানের মাধ্যমে তিনি দেশের অন্যতম শ্রদ্ধেয় সাংস্কৃতিক ব্যক্তিত্ব হিসেবে পরিচিতি লাভ করেন।
শিল্প ও সংস্কৃতিতে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ ২০০৪ সালে তাকে একুশে পদকে ভূষিত করা হয়।
১৯৩৫ সালের ১ সেপ্টেম্বর মাগুরার নাকোল গ্রামে জন্মগ্রহণ করেন মুস্তাফা মনোয়ার। তার পৈতৃক নিবাস ঝিনাইদহের শৈলকূপা উপজেলার মনোহরপুর গ্রামে। তিনি ছিলেন প্রখ্যাত কবি গোলাম মোস্তফার সন্তান।
এসি//