১৫০ বোতল ফেনসিডিল বহনের দায়ে ৬ জনের যাবজ্জীবন
দীর্ঘ প্রায় ১৪ বছর বিচারিক প্রক্রিয়া শেষে সিরাজগঞ্জে দ একটি মাদক মামলার ১৫০ বোতল ভারতীয় ফেনসিডিল বহনের অভিযোগ প্রমাণিত হওয়ায় ছয়জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। পাশাপাশি প্রত্যেকের বিরুদ্ধে দশ হাজার টাকা করে অর্থদণ্ড আরোপ করা হয়েছে। জরিমানার অর্থ পরিশোধে ব্যর্থ হলে তাদের আরও এক বছর বিনাশ্রম কারাভোগ করতে হবে।
সোমবার (২৯ জুন) সিরাজগঞ্জের অতিরিক্ত দায়রা জজ-৩ আদালতের বিচারক নজরুল ইসলাম এ রায় দেন।
দণ্ডপ্রাপ্তরা হলেন রাজশাহীর জায়গীরপাড়া এলাকার ওসমান গনি ও মো. গোফরান, মুক্তারপুর গ্রামের মো. আলেফ, গৌরশহরপুর গ্রামের মো. মানিক, বিড়ালদহ গ্রামের মো. আনিছ এবং শেখের চর এলাকার মো. রাজিব।
আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর হামিদুল ইসলাম দুলাল জানান, রায় ঘোষণার সময় রাজিব, গোফরান ও আলেফ আদালতে উপস্থিত ছিলেন। অপর তিন আসামি পলাতক থাকায় তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
মামলার বিবরণে জানা যায়, ২০১২ সালের ১৫ জুলাই গোপন সংবাদের ভিত্তিতে যমুনা সেতুর পশ্চিম গোলচত্বর এলাকায় চেকপোস্ট বসায় পুলিশ। তথ্য ছিল, রাজশাহী থেকে একটি প্রাইভেটকারে করে বিপুল পরিমাণ ফেনসিডিল ঢাকায় নেওয়া হচ্ছে। বিকেল পৌনে ৪টার দিকে সন্দেহভাজন গাড়িটি থামিয়ে তল্লাশি চালালে ১৫০ বোতল নিষিদ্ধ ভারতীয় ফেনসিডিল উদ্ধার করা হয়। এ সময় ওসমান গনি, মো. গোফরান ও মো. রাজিবকে আটক করা হয়।
পরবর্তীতে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে আরও তিনজনের সম্পৃক্ততার বিষয়টি উঠে আসে। তদন্ত শেষে একই বছরের ৩১ ডিসেম্বর ছয়জনকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র জমা দেয় পুলিশ।
আই/এ