মুস্তাফা মনোয়ারের প্রয়াণে বাংলা একাডেমির গভীর শোক
বরেণ্য চিত্রশিল্পী, সাংস্কৃতিক ব্যক্তিত্ব এবং বাংলা একাডেমির সম্মানিত ফেলো মুস্তাফা মনোয়ারের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে বাংলা একাডেমি।
সোমবার (২৯ জুন) এক শোকবার্তায় বাংলা একাডেমির মহাপরিচালক অধ্যাপক ড. মোহাম্মদ আজম প্রয়াতের আত্মার মাগফিরাত ও শান্তি কামনা করেন। একই সঙ্গে তিনি শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
শোকবার্তায় মহাপরিচালক বলেন, মুস্তাফা মনোয়ার তার সৃজনশীল শিল্পকর্মের মাধ্যমে যেমন চিত্রকলায় স্বতন্ত্র অবস্থান তৈরি করেছেন, তেমনি পাপেটশিল্পকে জনপ্রিয় করে তুলে প্রজন্মের পর প্রজন্মের শিশু-কিশোরদের জন্য শিক্ষামূলক বিনোদনের নতুন দিগন্ত উন্মোচন করেছেন। পাশাপাশি বাংলাদেশ টেলিভিশনসহ দেশের গণমাধ্যমের সৃজনশীল বিকাশেও তাঁর অবদান স্মরণীয় হয়ে থাকবে। উদ্ভাবনী চিন্তা, মেধা ও নিরলস সাধনার মধ্য দিয়ে তিনি দীর্ঘদিন দেশের সাংস্কৃতিক অঙ্গনকে সমৃদ্ধ করেছেন।
উল্লেখ্য, নিউমোনিয়াজনিত জটিলতায় রাজধানীর একটি বেসরকারি হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ৯০ বছর বয়সী এই গুণী শিল্পী। শিল্পকলা ও সংস্কৃতিতে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ ২০০৪ সালে তিনি দেশের দ্বিতীয় সর্বোচ্চ বেসামরিক সম্মাননা ‘একুশে পদক’-এ ভূষিত হন।
পি/ডি